নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের হিমঘরগুলিতে এখন প্রচুর পরিমাণে আলু মজুত আছে। এই অবস্থায় ভিন রাজ্যে আলু পাঠানোর জন্য পরিবহণ খরচে কিছুটা ভরতুকি দেওয়ার বিষয়টি রাজ্য সরকার বিবেচনা করছে। গত মাসের শেষ সপ্তাহে কৃষি বিপণনমন্ত্রী দিলীপ ঘোষ ও দপ্তরের শীর্ষ আধিকারিকরা বিষয়টি নিয়ে আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেখানে সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়, পরিবহণ খরচে ভরতুকি দেওয়ার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। যদিও আগস্ট মাস পড়ে গেলেও সরকারি তরফে এনিয়ে কোনো ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে, লরি, রেল বা জাহাজে করে আন্দামানে আলু পাঠালে খরচে কিছুটা ভরতুকি দেওয়ার কথা ভাবছে সরকার। অতীতে বাম্পার ফলনের ক্ষেত্রে বাইরে আলু পাঠানোর জন্য একাধিকবার ভরতুকি দিয়েছে সরকার। এবার প্রচুর আলু হওয়ার জন্য দাম কমে যাওয়ায় চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। ৫০ কেজির জ্যোতি আলুর বস্তার বন্ড ১৩০-১৫০ টাকাতে বিক্রি করতে হয়েছে তাঁদের। সব খরচ মিটিয়ে হিমঘর থেকে আলু বার করলেও কেজিতে ৭ টাকার আশপাশে দাম মিলছে। যদিও খুচরো বাজারে ১৫ টাকাতেও ওই আলু কিনছে মানুষ।



