নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২১ জুলাই ‘শহিদ দিবস’ মর্যাদার সঙ্গে পালনের কর্মসূচি নিয়েছে প্রদেশ কংগ্রেস। মৃতদের পরিবারগুলির সদস্যদের সামনে রেখে ‘শহিদ তর্পণ’ চাইছে দল। ওই স্পর্শকাতর অনুষ্ঠান মঞ্চকে কোনোভাবেই ‘পাগলু ড্যান্স’ বা ‘যোগদান’ মঞ্চ বানাতে রাজি নন কংগ্রেস নেতৃত্ব।
প্রসঙ্গত, ১৯৯৩ সালের ২১ জুলাই ১৩ জন কংগ্রেস কর্মী জ্যোতি বসুর পুলিশের গুলিতে নিহত হন। তারপর থেকে প্রতিবছর ২১ জুলাই ‘শহিদ দিবস’ হিসাবে পালিত হয়। কংগ্রেসে থাকার সময় এবং পরবর্তীকালে তৃণমূল তৈরির পর থেকে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ‘শহিদ দিবস‘ কর্মসূচি করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে অবশ্য এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ব্রিগেডে। ওই অনুষ্ঠানে অভিনেতা দেবের ‘পাগলু ড্যান্স’ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। সেই কটাক্ষ তৃণমূলকে এখনো তাড়া করে। এরপর ভিক্টোরিয়া হাউসের সামনের কর্মসূচিতে প্রতিবছরই হয়েছে তৃণমূলে ‘যোগদান’। এবার শহিদ মিনারে যে কর্মসূচি হতে যাচ্ছে সেখানে বাংলা, হিন্দি চটুল গানের সঙ্গে নাচ এবং যোগদানের বহর রাখতে চাইছে না কংগ্রেস। নেতৃত্বের বক্তব্য, শহিদ তর্পণ কর্মসূচিতে পাগলু ড্যান্স কেন হবে? এভাবে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি হয় নাকি? শহিদ স্মরণের মঞ্চকে কোনোভাবেই বিতর্কিত করতে দেবেন না তাঁরা। শহিদ পরিবারের শোকসন্তপ্ত সদস্যরা সেখানে থাকবেন।
অন্যদিকে, ২১ জুলাই রেকর্ড সংখ্যক জমায়েত করে দলীয় সংগঠনকে নতুনভাবে শক্তিশালী করতে চাইছে প্রদেশ কংগ্রেস। সেদিনের সমাবেশ সফল করতে সব জেলায় কর্মিসভা করছেন স্বয়ং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। দিল্লির নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন তিনি। সর্বভারতীয় কংগ্রেসের কোনো শীর্ষনেতাকে শহিদ মিনারের অনুষ্ঠানে আনার চেষ্টা চলছে।