তিন পুজোকে ‘সেরার সেরা’ শিরোপা রাজ্যের, পুরস্কার এক লক্ষ টাকা, ‘দেবী দুর্গা সম্মান’ পাচ্ছে ২৩ পুজো কমিটি
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহাষষ্ঠীর বিকালে ‘দেবী দুর্গা সম্মান’ ঘোষণা করল রাজ্য সরকার। এদিন নন্দনে সাংবাদিক সম্মেলন করে সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশ বান্ধব, সেরা সমাজ সচেতনতা, বিশেষ পুরস্কার এবং সেরার সেরা বিভাগে কলকাতার ২৩টি দুর্গাপুজো কমিটির নাম পুরস্কার প্রাপক হিসাবে ঘোষণা করলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 

Advertisement

আগামী ২৬ অক্টোবর মিলন মেলায় রাজ্যের আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এই কমিটিগুলিকে ট্রফি এবং আর্থিক পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেরার সেরা তিন পুজো কমিটি পাবে ১ লক্ষ টাকা। বাকিরা পাবেন ৫০ হাজার টাকা। প্রতিটি জেলায় সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা পুজো এবং সেরা সমাজ সচেতনতার পুরস্কার প্রদান করেছে জেলা প্রশাসন। জেলার প্রত্যেক পুরস্কার প্রাপক পুজো কমিটিকেও দেওয়া হবে ৫০ হাজার টাকা করে নগদ পুরস্কার। 
রাজ্যের প্রকাশিত তালিকা অনুযায়ী, ‘সেরার সেরা’-র শিরোপা পেয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার, বৃন্দাবন গার্ডেন দুর্গাপুজো সমিতি এবং চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি। ‘সেরা প্রতিমা’ বিভাগে রয়েছে মুদিয়ালি ক্লাব, টালা বাড়োয়ারি দুর্গোৎসব সমিতি, বেহালা অরুণোদয় সমিতি এবং অহিরীটোলা সর্বজনীন। ‘সেরা মণ্ডপ’ নির্বাচিত হয়েছে খিদিরপুরের ২৫ পল্লি ক্লাব এবং আমরা ক’জন কল্যাণ সমিতি। ‘সেরা আলোকসজ্জা’-র জন্য নির্বাচিত হয়েছে সন্তোষপুর অ্যাভিনিউ সাউথ, বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব এবং শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসব। নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব, পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক এবং নব উদয় সংঘ পেয়েছে ‘সেরা পরিবেশবান্ধব’ পুজোর শিরোপা। ‘সেরা সমাজ সচেতনতা’ বিভাগে নির্বাচিত হয়েছে কাশী বোস লেন দুর্গাপুজো সমিতি, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, চক্রবেড়িয়া সর্বজনীন এবং অজেয় সংহতি। এছাড়াও ‘বিশেষ পুরস্কার’ দেওয়া হয়েছে বডি গার্ড লাইনস আবাসিক দুর্গাপুজো কমিটি, শ্যাম স্কোয়ার, ঠাকুরপুকুর স্টেট ব্যাংক সর্বজনীন (এস বি পার্ক) এবং সমাজসেবী সংঘকে।