


যুদ্ধ, রাজনীতি, অস্থিরতা— বিশ্বজুড়ে উত্তপ্ত পরিস্থিতি। এই আবহে শিল্পীদের রাজনৈতিক ও সামাজিক কর্তব্য মনে করিয়ে দিল ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চ। কেবল বিনোদনের চাকচিক্য, রেড কার্পেটের জৌলুস নয়, লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে আয়োজিত বহুল প্রতীক্ষিত পুরস্কার বিতরণী মঞ্চ প্রতিবাদ জানাল। বিরোধিতা করল যুদ্ধের।
এবারের অস্কারের মূল লড়াই ছিল সেরা ছবি বিভাগে। একদিকে ‘সিনার্স’, অন্যদিকে ‘ওয়ান ব্যাটল আফটার আনাদার’। মনোনয়ন ঘোষণার পরই রেকর্ড গড়েছিল ‘সিনার্স’। ‘টাইটানিক’, ‘লা লা ল্যান্ড’-এর মতো ছবিকে পিছনে ফেলে ১৬টি বিভাগে মনোনয়ন পেয়েছিল ছবিটি। তাই এমন একটি বাণিজ্য সফল ছবির সঙ্গে বিশ্বমঞ্চে প্রশংসিত ‘ওয়ান ব্যাটল...’-এর হাড্ডাহাড্ডি লড়াই সেরা প্রাপ্তি। অবশেষে সেরার পুরস্কার অবশ্য জিতেছে লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল...’। এই ছবির জন্যই সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন পল থমাস আন্ডারসন।
এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে নতুন বিভাগ শুরু হয়েছে। সেরা কাস্টিং। এই বিভাগে ‘ওয়ান ব্যাটল...’ ছবির কাস্টিং করে পুরস্কৃত হলেন ক্যাসান্ড্রা কুলুকুনডিস। এই ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতলেন অভিনেতা শন পেন। কেরিয়ারে তৃতীয়বার। তবে বাফটার মতো অস্কারের মঞ্চেও হাজির ছিলেন না তিনি।
সর্বোচ্চ মনোনয়ন প্রাপ্ত ‘সিনার্স’ হতাশ করেনি। ভৌতিক ঘরানার এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান। অস্কার মঞ্চে মনোনয়নে টিমোথি শ্যালামেট এই বিভাগে এগিয়েছিলেন কয়েক গুণ। তবে তাঁর সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য মাইকেলের নম্বর বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। তা নিয়ে অবশ্য বিতর্কও দানা বেঁধেছে। মোট চারটি বিভাগে পুরস্কার জিতেছে ‘সিনার্স’। সেরা চিত্রনাট্য (অরিজিনাল) বিভাগের জন্য পুরস্কার জিতেছেন পরিচালক রায়ান কুগলার। সেরা আবহ সংগীতের শিরোপাও পেল এই সিনেমা। আনন্দের মুহূর্ত তৈরি হল অটাম ডুরাল্ড আরকাপের পুরস্কার প্রাপ্তির মাধ্যমে। অস্কার মঞ্চে প্রথম মহিলা সিনেমাটোগ্রাফার হিসেবে পুরস্কৃত হলেন তিনি। এর আগে তিনজন নারী এই বিভাগে মনোনীত হয়েছিলেন। অটামের জয় পথ দেখাবে বিশ্বের মহিলা সিনেমাটোগ্রাফারদের।
প্রথম আইরিশ নায়িকা হিসাবে অস্কার জিতে ইতিহাস গড়লেন জেসি বাকলে। ‘হ্যামনেট’ ছবিতে তাঁর অভিনয় অভিনব। সে কারণে ‘গোল্ডেন গ্লোব’, ‘বাফটা’, ‘ক্রিটিক’স চয়েজ’-এর পরে অস্কার মঞ্চেও সেরা অভিনেত্রী হলেন তিনি। তিনটি বিভাগে পুরস্কৃত ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’। সেরা অ্যানিমেটেড শর্টফিল্ম ও সেরা অরিজিনাল গান বিভাগে পুরস্কৃত ‘কে পপ ডেমোন হান্টার্স’। নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ছবিটি সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে পুরস্কৃত। সেরা তথ্যচিত্রের শিরোপা পেল ‘মিস্টার নোবডি এগেনস্ট পুতিন’। প্রথমবার নরওয়ের ছবি পুরস্কৃত হল। এই বিভাগে পুরস্কার প্রেজেন্টার ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও হাভিয়ের বার্দেম। কালো স্যুটে রাজনৈতিক ব্যাজ লাগানো ছিল হাভিয়ের। মঞ্চে তিনি বলেন, ‘যুদ্ধ বন্ধ করুন। প্যালেস্তাইনকে মুক্ত করুন।’ যুদ্ধ পরিস্থিতি ও ইরানের হুমকির জেরে ডলবি থিয়েটার নিরাপত্তার চাদরে মুড়ে ছিল। সঞ্চালক কোনান ও’ব্রায়েন তা নিয়েও মশকরা করতে ছাড়েননি। সব্যসাচী, রাহুল মিশ্রর মতো ভারতীয় ফ্যাশন ডিজাইনারদের পোশাকে সেজে মঞ্চে উঠেছিলেন তারকারা। রেড কার্পেটের পাশাপাশি অস্কার পার্টিতেও নজর কেড়েছেন তারকারা। এদিকে, লাইভ অনুষ্ঠানে ‘ইন মেমোরিয়াম’ বিভাগে ধর্মেন্দ্রর নাম না থাকায় বিতর্ক তৈরি হয়। পরে অ্যাকাডেমির ওয়েবসাইটে স্মরণ করা হয় ধর্মেন্দ্র, মনোজ কুমারের মতো তারকাদের।