চেন্নাই: বাংলার সঙ্গেই আজ সোমবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। সকাল আটটা থেকে সারা রাজ্যে ৬৭টি কেন্দ্রে ভোটগণনা চলবে। ২৩৪টি আসনে গণনার দায়িত্বে রয়েছেন ১০ হাজার ৫৪৫ ভোটকর্মী। গণনা পরিচালনার জন্য থাকছেন ৪ হাজার ৬২৪ জন মাইক্রো অবজার্ভার। অতিরিক্ত ১ হাজার ১৩৫ জন অতিরিক্ত সহকারী রিটার্নিং অফিসারও নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কিন্তু মসনদে কি এম কে স্ট্যালিনের প্রত্যাবর্তন হবে, নাকি এক্সিট পোলের যাবতীয় অনুমান বদলে যাবে? ফলপ্রকাশের আগে তাই নিয়েই তামিলভূমে জল্পনা চড়ছে। বেশিরভাগ এক্সিট পোলেই পূর্বাভাস, স্ট্যালিনের দল ডিএমকেই ফের ক্ষমতায় আসছে। এবারও বিরোধী আসনেই বসবে এআইডিএমকে-বিজেপির জোট। তবে, একটি সমীক্ষায় সম্পূর্ণ অন্য দাবি করা হয়েছে। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার ওই এক্সিট পোলে ইঙ্গিত, সুপারস্টার বিজয়ের দল টিভিকে এবার ক্ষমতায় চলে আসতে পারে। এবারই প্রথম ভোটে লড়াই করছে টিভিকে। তেমন হলে তামিলনাড়ুর রাজনীতিতে ফের একজন সুপারস্টারের উদয় হতে চলেছে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দ্রাবিড় রাজনীতিতে একপ্রকার শূন্যতা তৈরি হয়েছে। ডিএমকে এবং এআইডিএমকে—এই দুই ‘শিবিরে’ ভাগ হয়ে গিয়েছে তামিলনাড়ুর রাজনীতি। বাম সহ আরও অনেক দল থাকলেও, তারা আদতে এই প্রধান দুই দলের জোটসঙ্গী হিসাবেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আর এই পরিস্থিতিতে কাজে লাগিয়েই তৃতীয় শক্তি হিসাবে উঠে আসতে পারেন বিজয়। সিনেমার সুবাদে এমনিতেই তাঁর তুমুল জনপ্রিয়তা রয়েছে। রাজনীতিক হিসাবেই এবার কমবয়সিদের মধ্যে প্রভাব বেড়েছে বিজয়ের। কোনো কারণে ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হলে টিভিকে কিংমেকার হয়ে উঠতে পারে।
এদিকে, ভোটগ্রহণের ৯ দিন পর তামিলনাড়ুর ভোটের হার প্রকাশ করেছে কমিশন। তারা জানিয়েছে, এবার প্রায় ৪ কোটি ৮৮ হাজার মানুষ ভোট দিয়েছেন। শতাংশের হিসাবে প্রায় ৮৫.১ শতাংশ। যা রাজ্যের ইতিহাসে সর্বোচ্চ। ২০২১ সালে তামিলনাড়ুতে ভোটের হার ছিল ৭৩.৬ শতাংশ। পুরুষদের তুলনায় মহিলা ভোটদাতার সংখ্যা এবার প্রায় সাড়ে ১৭ লক্ষ বেশি। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবার তামিলনাড়ুর ২ কোটি ৫২ লক্ষ মহিলা ভোট দিয়েছেন। রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক (সিইও) অর্চনা পট্টনায়েক জানিয়েছেন, গণনার জন্য প্রস্তুতি সম্পূর্ণ। নিরাপত্তার জন্য ৬৫ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হচ্ছে। এছাড়া রাজ্য পুলিশও গণনাকেন্দ্রের বাইরে থাকবে।- ফাইল চিত্র