


চেন্নাই ও হায়দরাবাদ: ডিলিমিটেশন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন দক্ষিণের দুই বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর এম কে স্ট্যালিন ও তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি। মঙ্গলবার ডিএমকে সুপ্রিমো স্ট্যালিনের হুঁশিয়ারি, রাজ্যের স্বার্থ বিঘ্নিত হলে ব্যাপক বিক্ষোভ হবে। আর কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি সরব হয়েছেন ‘অবিচারে’র অভিযোগ তুলে। ডিলিমিটেশন ইস্যুতে এদিন হায়দরাবাদে সুর চড়িয়ে তিনি বলেন, দক্ষিণের রাজ্যগুলিকে বঞ্চিত করে উত্তরপ্রদেশ ও গুজরাতের মতো রাজ্যগুলিতে আসন সংখ্যা বৃদ্ধির চেষ্টা হচ্ছে। অপর্যাপ্তভাবে লোকসভার আসন সংখ্যা বাড়ালে দক্ষিণের রাজ্যগুলির মহিলা, তফসিলি জাতি ও উপজাতিদের প্রতি অবিচার করা হবে।
সংসদের বিশেষ অধিবেশন শুরুর দু’দিন আগে ডিলিমিটেশন বা সীমানা পুনর্বিন্যাস ইস্যুতে ভিডিও বার্তায় সরব হয়েছেন স্ট্যালিন। ভোটমুখী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ডিলিমিটেশনের মাধ্যমে কেন্দ্র যদি রাজ্যের কোনো ক্ষতি করতে চায় বা ভারসাম্যহীনভাবে উত্তরের রাজ্যগুলির রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির চেষ্টা হয়, তাহলে পূর্ণ শক্তি দিয়ে তার প্রতিবাদ হবে। বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তামিলনাড়ুকে স্তব্ধ করে দেওয়া হবে। প্রস্তাবিত ডিলিমিটেশন নিয়ে গোপনীয়তার অভিযোগেও সরব হয়েছেন তিনি। ডিএমকে সুপ্রিমোর অভিযোগ, শুধু তাঁর রাজ্য বা দল নয়, এবিষয়ে কারও সঙ্গে আলোচনা করেনি কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার। একতরফাভাবে তারা এগতে চাইছে।