নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্কুল সার্ভিস কমিশনের মামলায় ওএমআর শিট প্রকাশের আবেদন শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। নিয়োগ সংক্রান্ত এই মামলার নিষ্পত্তি হয়েছে আগেই। শীর্ষ আদালতের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। ‘দাগী’ নন, এমন শিক্ষকদের ফের নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার উদ্যোগও শুরু করেছে কমিশন। তারই মধ্যে ফের ওএমআর শিট প্রকাশের দাবিতে মামলা হলেও এদিন তা খারিজ করে দেয় বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সঞ্জীবকুমার শর্মার বেঞ্চ। পর্যবেক্ষণে আদালত জানায়, আর নতুন করে কোনও পথ খোলার প্রয়োজন নেই। এতে জটিলতা বাড়বে। সেই কারণেই মামলা খারিজ করা হয়।
২০১৬ এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের মূল মামলার রায় মেনে নিতে নারাজ চাকরিহারাদের একাংশ। তাঁদের দাবি, পরীক্ষা না দিয়ে তাঁদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। সেক্ষেত্রে একমাত্র ওএমআর শিট প্রকাশের মাধ্যমেই অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব। যদিও সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।
এদিকে, দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলার চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা। সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে তাঁদের সামগ্রিক বিষয় তুলে ধরেন চাকরিহারারা। ধর্মেন্দ্র প্রধান এই বিষয়ে তাঁদের উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছেন। চাকরি বাতিলের প্রতিবাদে দিল্লিতে গত তিনদিন ধরে অবস্থান বিক্ষোভ করছিলেন ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা। রামলীলা ময়দানে কর্মসূচি শেষে এদিনই কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা।