নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিঙ্গল সাবজেক্ট টিচার, অর্থাৎ যে বিষয়ে স্কুলে একজনই শিক্ষক রয়েছেন, তাঁদের বদলিতে সমস্যা হত। তবে, বদলির আইন সংশোধন করে বলা হয়েছিল, এরকম শিক্ষক বদলির আবেদন করলে ডিআইরা আটকে দিতে পারবেন না। বরং কাছাকাছি কোনো স্কুলে একাধিক শিক্ষক থাকলে তাঁদের এনে সাময়িক ব্যবস্থা করতে হবে। বিষয়টি দপ্তরে এবং স্কুল সার্ভিস কমিশনকেও জানাতে হবে যাতে শিক্ষক নিয়োগের মাধ্যমে স্থায়ী সমাধান করা যায়। তবে, এবার এই ধরনের শিক্ষকদের বদলি নিয়ে তথ্য সংগ্রহ শুরু করল স্কুল সার্ভিস কমিশন।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের নির্দেশিকার পরে যত সিঙ্গল সাবজেক্ট টিচার বদলি হয়েছেন, তাঁদের তথ্য জমা দিতে হবে। ডিআইদের কাছে এই তথ্য চেয়ে পাঠিয়েছে কমিশন। শিক্ষকের নাম, বিষয়, স্কুলের নাম এবং জেলা, কোথায় বদলি করা হয়েছে, স্থানীয়ভাবে অস্থায়ী যে শিক্ষকদের আনা হয়েছে তাঁর নাম, কোন স্কুল থেকে তাঁকে আনা হয়েছে, সম্পর্কিত মেমো নম্বর এবং আদালতের অর্ডার নম্বর—সমস্ত তথ্য বৃহস্পতিবারের মধ্যে চেয়ে পাঠানো হয়েছিল। অবশ্য অনেক জেলা থেকেই সেগুলি আসেনি বলে জানা গিয়েছে। ওয়াকিবহাল মহলের খবর, যেভাবে এ ধরনের বদলি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে, তারই সমাধান চায় দপ্তর। ভবিষ্যতে এ ধরনের বদলি আর হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।