Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

সার্ভিসেসকে টেক্কা দিতে তৈরি বাংলা

সার্ভিসেসকে টেক্কা দিতে তৈরি বাংলা
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তোষ ট্রফিতে ৩২ বারের চ্যাম্পিয়ন বাংলা। কিন্তু শেষ কয়েক বছরের পারফরম্যান্স বিবর্ণ। সেই ব্যর্থতা ঝেড়ে এবার শিরোপা জয়ে মরিয়া সঞ্জয় সেনের দল। রবিবার টুর্নামেন্টের সেমি-ফাইনালে বাংলার প্রতিপক্ষ সার্ভিসেস। গ্রুপ লিগের ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের হারায় বাংলা। এবার কঠিন চ্যালেঞ্জ ছুড়তে মরিয়া সার্ভিসেস। মেগা ম্যাচের আগে বেশ সতর্ক বাংলার কোচ। সঞ্জয় সেনের মন্তব্য, ‘প্রতিপক্ষ কঠিন। তবে ফুটবলাররা তৈরি। ফাইনালে পৌঁছতেই হবে।’
Advertisement
সন্তোষ ট্রফির গ্রুপ পর্যায়ে সব ক’টি ম্যাচই টার্ফে অনুষ্ঠিত হয়। এবার ভেনু বদলাচ্ছে। হায়দরাবাদের গাচ্চিবৌলি স্টেডিয়ামের ঘাসের মাঠে ম্যাচ শুরু দুপুর ২-৩০ মিনিটে। বিশেষজ্ঞদের ধারণা, অপেক্ষাকৃত বড় মাঠে সুবিধা পাবে বাংলা। সঞ্জয় সেনের হাতে মনোতোষ মাঝি, নরহরি শ্রেষ্ঠা, রবি হাঁসদার মতো স্কোরার রয়েছেন। মাঝমাঠও বেশ জমাট। পাসিং ফুটবলে ঝড় তোলাই লক্ষ্য কোচ সঞ্জয়ের। তবে চোটের কারণে বাসুদেব মান্ডি অনিশ্চিত। গ্রুপ লিগে সার্ভিসেসের বিরুদ্ধে তাঁর দুরন্ত গোলে জয় পেয়েছিল বাংলা। কিন্তু সেই ম্যাচেই চোট পান তিনি। এরপর শেষ আটের লড়াইয়ে ওড়িশার বিরুদ্ধেও তাঁকে ছাড়াই দল সাজাতে হয়েছিল কোচ সঞ্জয় সেনকে।
সম্পর্কিত সংবাদ