Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

২০ জুলাই থেকে শুরু শ্রাবণী মেলা, চলবে ১১ আগস্ট পর্যন্ত! স্কাইওয়াক দিয়েই পৌঁছনো যাবে জল্পেশ মন্দিরের গর্ভগৃহে

শ্রাবণী মেলায় এবার স্কাইওয়াক হয়েই মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। গত মাসে শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল্পেশ স্কাইওয়াকের ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন।

২০ জুলাই থেকে শুরু শ্রাবণী মেলা, চলবে ১১ আগস্ট পর্যন্ত! স্কাইওয়াক দিয়েই পৌঁছনো যাবে জল্পেশ মন্দিরের গর্ভগৃহে
  • ১৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: শ্রাবণী মেলায় এবার স্কাইওয়াক হয়েই মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। গত মাসে শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল্পেশ স্কাইওয়াকের ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন। তারপর স্কাইওয়াক ব্যবহার করতে পেরে খুশি শৈবতীর্থ জল্পেশ মন্দিরে আসা পুণ্যার্থীরা। 

Advertisement

জল্পেশে শিবের মাথায় জল-দুধ ঢালতে শ্রাবণ মাসজুড়ে হাজার হাজার ভক্তের সমাগম হবে। গোটা মাস চলবে মেলা। প্রাচীন এই মেলায় বাংলা ছাড়াও প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটান থেকেও প্রচুর ভক্ত আসেন। জল্পেশ মন্দির কমিটি জানিয়েছে, এবছর শ্রাবণী মেলা শুরু হবে জুলাই মাসের ২০ তারিখ। চলবে আগস্ট মাসের ১১ তারিখ পর্যন্ত। টানা প্রায় ২০ দিন মেলা চললেও মূলত ২০ ও ২১, ২৭ ও ২৮ জুলাই, আগস্ট মাসের ৩ ও ৪ এবং ১০ ও ১১ তারিখ এই মেলা জমজমাট থাকবে। 
মন্দির কমিটির সম্পাদক গীরেন্দ্রনাথ দেব মঙ্গলবার বলেন, হাতি গেট দিয়ে জল্পেশ মন্দিরের চত্বরে প্রবেশ করেই বাঁ দিকে রয়েছে স্কাইওয়াকে ওঠার সিঁড়ি। এবার ওই রুট ধরে ভক্তরা সারিবদ্ধভাবে মূল মন্দিরের গেটের সামনে পৌঁছবেন। সেখান দিয়েই মন্দিরে প্রবেশ করে যাবে। আমরা তাই মন্দির প্রাঙ্গণের বাইরে অস্থায়ী কিছু টিকিট কাউন্টার করার পরিকল্পনা নিয়েছি। এছাড়া স্থায়ী টিকিট কাউন্টার তো থাকছেই। এবারও দু’শো ভলান্টিয়ার, পুলিস কর্মীরা থাকবেন। 
মঙ্গলবার শিলিগুড়ি থেকে মন্দিরে পুজো দিতে এসেছিলেন গোপাল শীল। তাঁর কথায়, শ্রাবণী মেলায় প্রতিবছর আসি। হাজার হাজার পুণ্যার্থী লাইনে দাঁড়িয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন। সেজন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আর বিশৃঙ্খলা হবে না। এবার সিঁড়ি দিয়ে স্কাইওয়াকে উঠে পুজো দিতে পারলে অনেক সুবিধা হবে।  জল্পেশ মন্দিরের স্কাইওয়াক। - নিজস্ব চিত্র।

সম্পর্কিত সংবাদ