


নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: সূর্যাস্তের আগে এবং পরে তাপমাত্রার বিস্তর ফারাক চেন্নাইয়ে। সকালের যে ভিড়টা চোখে পড়ছিল মেরিনা বিচের সামনে, বেলা গড়াতেই তা অনেকটাই পাতলা। মহিলারা স্কুটি চালাচ্ছেন মুখে কাপড় বেঁধে। ভারতের দক্ষিণ প্রান্তে গরম যে বেশি পড়ে, সেটা নতুন নয়। তবে হোলির আগে আবহাওয়ার খামখেয়ালিপনায় কিছুটা অবাক স্থানীয়রাও। সেই কারণেই সমস্যায় পড়েছেন চিপকের মাঠ কর্মীরাও।
দুপুরে ধোনিদের ডেরায় ঢুঁ মারতে চোখে পড়ল চট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে পিচগুলো। বোঝাই যাচ্ছিল, চড়া রোদ থেকে বাঁচতেই এই প্রচেষ্টা। কারণ, উইকেটে ফাটল তৈরি হলে রাতারাতি তা মেরামত করে তোলা কঠিন। এমনিতেই ধোনিদের ঘরের মাঠে স্পিনাররা সুবিধা পায়। তাই খুব টার্ন থাকলে হিতে বিপরীতও হতে পারে। কারণ, জিম্বাবেয়ে দলে রয়েছে সিকান্দার রাজার মতো দক্ষ স্পিনার অলরাউন্ডার। একক দক্ষতায় তিনি ম্যাচের রং বদলে দিতে পারেন। ভারতের সবচেয়ে বড় চিন্তায় সেই কারণে রাজাই। অফ স্পিনারদের বিরুদ্ধে ভারতের প্রারম্ভিক ব্যাটারদের দুর্বলতা নতুন নয়। সেক্ষেত্রে রাজাকে দিয়ে বোলিং শুরু করার কথাও ভাবতে পারে জিম্বাবোয়ে। আসলে দেওয়ালে পিঠ ঠেকে গেলে যে কোনও দলই ছোবল মারতে চাইবে। জিম্বাবোয়েও সেই ঝুঁকি নেবে। তাই পিচ যতটা সম্ভব ব্যাটিং সহায়ক করার চেষ্টা চলছে। কারণ, নেট রান রেটের কথাও মাথায় রাখতে হচ্ছে ভারতকে।
ওয়েস্ট ইন্ডিজের কাছে মুম্বইয়ে হারার পরেই জিম্বাবোয়ের হারারের টিকিট কার্যত কাটা হয়ে গিয়েছে। সেটাই ভারতীয় দলের কাছে বড় চিন্তা। সিকান্দর রাজারা ঝুঁকি নিয়ে খেলবেন। ক্লিক করে গেলেই বিপদ। এমনিতেই গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাকে হারিয়ে তারা বুঝিয়ে দিয়েছে, বড় দলকে বেগ দেওয়ার জন্য তাদের হাতে অস্ত্র মজবুত। সেই আত্মবিশ্বাস থেকেই জিম্বাবোয়ের কোচ জাস্টিন স্যামন্স রীতিমতো টিম ইন্ডিয়াকে হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর কথায়, ‘আমাদের গ্রুপে এখন যা অবস্থান তাতে জেতার পাশাপাশি নেট রান রেটও মাথায় রাখতে হবে। সেই কারণেই ভারতীয় দল চাইবে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে। আমরা সেই সুযোগটাই কাজে লাগাব। ম্যাচের মধ্যে অনেক মুহূর্ত তৈরি হয়, যা খেলার গতিপ্রকৃতি ঠিক করে। আমরা সেভাবেই ছোটো ছোটো ভাগে ভারতের বিরুদ্ধে পরিকল্পনা সাজাচ্ছি।’
স্পিনের বিরুদ্ধে ভারতের টপ অর্ডার ব্যাটারদের দুর্বলতা এই বিশ্বকাপে প্রকট হয়ে গিয়েছে। এমনকী নেদারল্যান্ডসের মতো দলও কাঁদিয়ে ছেড়েছিল অভিষেক শর্মাদের। তাই শুরুতে ঈশান কিষান, অভিষেক শর্মাদের ফাঁদে ফেলতে স্পিনকেই হাতিয়ার করতে পারে জিম্বাবোয়ে।