Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নয়া প্রদেশ কংগ্রেস সভাপতির নাম নিয়ে জল্পনা, নিজের সম্ভাবনা ওড়ালেন দীপা দাশমুন্সি

প্রদেশ কংগ্রেস সভাপতি পদে শুভঙ্কর সরকারকে কি বদল করা হচ্ছে? এমনই জল্পনা ছড়িয়ে পড়েছে নানা মহলে।

নয়া প্রদেশ কংগ্রেস সভাপতির নাম নিয়ে জল্পনা, নিজের সম্ভাবনা ওড়ালেন দীপা দাশমুন্সি
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রদেশ কংগ্রেস সভাপতি পদে শুভঙ্কর সরকারকে কি বদল করা হচ্ছে? এমনই জল্পনা ছড়িয়ে পড়েছে নানা মহলে। কংগ্রেসের মধ্যেই কেউ কেউ দাবি তুলেছেন, অধীর চৌধুরীকে ফের প্রদেশ কংগ্রেস সভাপতি করা হোক। আবার নয়া প্রদেশ কংগ্রেস সভাপতির তালিকায় উঠে এসেছে দীপা দাশমুন্সির নাম। সেই খবর সামনে আসার পর দীপা সরাসরি জানিয়ে দিয়েছেন, এমন কোনো সম্ভাবনা নেই। দীপার বক্তব্য, প্রথমত, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম পূরবী মুখোপাধ্যায়। দ্বিতীয়ত, আজকের দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে আমার আসীন হওয়ার সম্ভাবনা নিয়ে দলীয় নেতৃত্বের কোনো মহলে, কোনো স্তরে, কোনোরূপ আলোচনা হয়নি। যাঁরা আমার নাম ও ছবি ব্যবহার করে এহেন মিথ্যা ও বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছেন, তাঁরা জাতীয় কংগ্রেসের ক্ষতি করার চরম ষড়যন্ত্রে লিপ্ত বলেই আমি মনে করি।

Advertisement

অন্যদিকে, বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতির অনুগামীরা জানিয়েছেন, শুভঙ্কর সরকারের নেতৃত্বে রাজ্য কংগ্রেসের সংগঠন প্রতিদিনই শক্তিশালী হচ্ছে। সংগঠনের কর্মসূচি প্রতিদিনই চলছে। ফলে নতুন উদ্যমে কলকাতা থেকে জেলা—সর্বত্র সংগঠনের শ্রীবৃদ্ধির কাজ চলছে। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, তৃণমূল ও অন্যান্য দল থেকে বহু সংখ্যক কর্মী প্রতিদিনই যোগদান করছেন। রবিবার মধ্য কলকাতা থেকে ৩০০ জন কর্মী কংগ্রেসে যোগদান করেছেন। যোগদান পর্বে হাজির ছিলেন শুভঙ্কর সরকার এবং মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি মানস সরকার। কংগ্রেস নেতৃত্বের দাবি, তৃণমূলের অনেক নেতাই যোগাযোগ করছেন। কংগ্রেসের সঙ্গে তাঁরা যুক্ত হতে চান। তবে কংগ্রেস এটাও জানিয়েছে, কর্মীদের জন্য দরজা সবসময় খোলা। কিন্তু কোনো নেতা যদি দুর্নীতি বা অন্যায়ের কাজে ‘দাগি’ হন, তাঁকে নেওয়া হবে না। শুভঙ্কর সরকারের কথায়, আমাদের কাছে কোনো ওয়াশিং মেশিন নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ