


হায়দরাবাদ: এবারের কোটিপতি লিগে এখনও কোনো ম্যাচ খেলেননি মহেন্দ্র সিং ধোনি। এমনকী, চেন্নাই সুপার কিংসের ম্যাচে মাঠেও আসেননি। অ্যাওয়ে ম্যাচে যাননি দলের সঙ্গে। তবে শনিবারের সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে নিজামের শহরে হাজির মাহি। বিমানবন্দরে তাঁকে ঘিরে ভক্তদের উন্মাদনা দেখা গিয়েছে। তবে ঈশান কিষান ব্রিগেডের বিরুদ্ধে তিনি আদৌ খেলবেন কিনা, তা পরিষ্কার নয়।
ধোনিকে নিয়ে জল্পনার পাশাপাশি এই ম্যাচে ক্রিকেট মহলের আকর্ষণের কেন্দ্রে সানরাইজার্সের দুই পেসার প্রফুল হিঞ্জ এবং সাকিব হুসেন। আইপিএলে আবির্ভাবেই সাড়া ফেলেছেন দুই পেসার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে উভয়েই নেন চারটি করে উইকেট। চেন্নাইয়ের বিরুদ্ধে দু’জনের পারফরম্যান্সের দিকে তাকিয়ে কমলা বাহিনী। প্রফুল-সাকিবের উত্থানে তাদের বোলিং তীক্ষ্ণ হয়েছে। এমনিতেই অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেন, নীতীশ রেড্ডি, ঈশানকে নিয়ে গড়া ব্যাটিং বিভাগ দারুণ শক্তিশালী। গত ম্যাচে ফর্মে থাকা রাজস্থানকে দাপটে হারিয়ে আত্মবিশ্বাসও বেড়েছে হায়দরাবাদের। ৫ ম্যাচে তাদের ঝুলিতে আপাতত ৪ পয়েন্ট। চেন্নাইয়েরও ঠিক তাই। ফলে শনিবার একে অন্যকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে মাঠে নামবে দু’দল।
অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ফর্মে না থাকা চিন্তা বাড়িয়েছে সিএসকে’র। পাঁচ ইনিংসে তাঁর সংগ্রহ ৬৩ রান। তাঁকে ওপেনিং থেকে সরানো হতে পারে। সেক্ষেত্রে আয়ুষ মাত্রে প্রমোশন পেতে পারেন। সঞ্জু স্যামসনের ফর্মে ফেরা অবশ্য স্বস্তি দিচ্ছে সিএসকে সমর্থকদের। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেঞ্চুরির পর কেকেআরের বিপক্ষে ৪৮ করেছেন সঞ্জু। শিবম দুবে, ডেওয়াল্ড ব্রেভিস, সরফরাজ খানদের উপস্থিতিতে তাদের ব্যাটিং গভীরতা যথেষ্টই। স্পিন বিভাগে আছেন নুর আহমেদ ও আকিল হোসেন। তবে বাঁ-হাতি পেসার খলিল আহমেদ চোটের জন্য ছিটকে গিয়েছেন। তাই অংশুল কম্বোজ, জেমি ওভারটনদের বাড়তি দায়িত্ব নিতে হবে।