


নিজস্ব প্রতিনিধি, বরানগর: কাউন্সিলারদের হুমকির আবহে সোমবার পানিহাটির চেয়ারম্যান পদে শপথ নিলেন সোমনাথ দে। পুরসভার বোর্ডরুমে বারাকপুরের মহাকুমা শাসক সৌরভ বারিক সোমনাথবাবুকে শপথ বাক্য পাঠ করান। পুরসভার মোট ৩৫ জন কাউন্সিলারের মধ্যে ৩০ জন উপস্থিত ছিলেন। চেয়ারম্যান নির্বাচনের দিন হাজির না হলেও এদিন ছিলেন প্রাক্তন পুরপ্রধান মলয় রায়। তিনি নতুন পুরপ্রধানকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, হুমকি ফোনের ঘটনায় কমিশনারেটের গোয়েন্দা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।
বারাকপুরের পুলিস কমিশনার অজয় ঠাকুর বলেন, গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হচ্ছে। অভিযুক্তদের কাউকেই ছাড়া হবে না। যেহেতু ভিন দেশের ফোন নম্বর ব্যবহার করে অনলাইনের মাধ্যমে কল করা হয়েছিল সেজন্য একটু সময় লাগছে। সমাজমাধ্যমের পোস্টগুলিও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে শপথগ্রহণের অনুষ্ঠান ঘিরে পুরসভার কর্মীদের মধ্যে উৎসাহ চোখে পড়েছে। পাশাপাশি হুমকি ফোন নিয়েও গুঞ্জন ছিল চোখে পড়ার মতো। চেয়ারম্যান হিসেবে শপথগ্রহণের পর শুভেচ্ছার বন্যায় ভেসে যান সোমনাথবাবু। পুরসভার বিভিন্ন দপ্তরের কর্মীরা এসে তাঁকে শুভেচ্ছা জানান। সোমনাথবাবু বলেন, মানুষের পরিষেবা সুনিশ্চিত করতে হবে। অভিযোগ পাওয়া মাত্রই সমস্যা সমাধানে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। শপথ নিয়ে সোমনাথবাবু পূর্তবিভাগের সিআইসি থাকাকালীন যে ঘরে বসতেন সেখানেই গিয়ে বসেন। তিনি ওই ঘর থেকেই চেয়ারম্যানের কাজ সামলাবেন বলে জানিয়েছেন। হুমকি ফোনের বিষয়ে বলেন, আমি উদ্বিগ্ন। পুলিস দুষ্কৃতীদের খুঁজে বের করে কঠোর আইনি পদক্ষেপ নিক।
প্রসঙ্গত, শনিবার রাতে রাজ্য তৃণমূলের মুখপাত্র তথা ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সম্রাট চক্রবর্তীর কাছে হুমকি ফোন এসেছিল। রবিবার সন্ধ্যায় আসে পুরসভার সিআইসি (বিদ্যুৎ) তাপস দে’র মোবাইলে হুমকি ফোন আসে। ওই রাতে পুরসভার উপপুরপ্রধান সুভাষ চক্রবর্তীকেও ফোন করে হুমকি দেওয়া হয়। একই ফোন নম্বর ব্যবহার করে তিনজনকে হুমকি দেওয়া হয়েছে। যা নিয়ে জল্পনা অব্যাহত। নিজস্ব চিত্র