


নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বর্ষার মরশুম প্রায় আসন্ন। এই অবস্থায় ডেঙ্গু, ম্যালেরিয়া সহ পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে এখন থেকে সর্তক হচ্ছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। ডেঙ্গু দমনে এবার গত মরশুমের হটস্পটগুলিতে বিশেষ নজরদারি শুরু হয়েছে। জেলা স্বাস্থ্যবিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাস ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ৪৬ জন আক্রান্ত হয়েছেন ম্যালেরিয়াতে।
জেলা স্বাস্থ্য ও প্রশাসনের আধিকারিকদের বক্তব্য, উত্তরবঙ্গের অন্য জেলার তুলনায় উত্তর দিনাজপুরে ডেঙ্গু সহ পতঙ্গবাহিত রোগের প্রবণতা অনেকটাই কম। যার কারণ, দপ্তরের সচেতনতামূলক নানা কাজকর্ম। বাড়ি বাড়ি সমীক্ষা চালিয়ে যাওয়া। লাগাতার জ্বরে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে যাওয়ায় সমস্যা অনেকটা মিটে যায়। এছাড়াও দফায় দফায় প্রশাসনের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের সমন্বয় বৈঠকেও কাজ হয়েছে।
শুক্রবার জেলাশাসক বিবেক কুমার প্রশাসনিক আধিকারিক সহ স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। যেখানে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ইসলামপুর ও রায়গঞ্জের মহকুমা শাসক, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ), সংশ্লিষ্ট বিডিওরা উপস্থিত ছিলেন। সেখানে জেলাশাসক স্পষ্টভাবে বলেছেন, ডেঙ্গু দমনে এবার গত মরশুমের হটস্পটগুলিতে বিশেষ নজরদারির রাখার কাজ চালিয়ে যেতে হবে। এবার কোথাও হটস্পট তৈরি হলে সেক্ষেত্রেও নজর দিতে হবে।
সার্বিকভাবে প্রশাসনের ওই সমন্বয় বৈঠকের সারবত্তা ছিল, পঞ্চায়েত এবং পুরসভাস্তরে সংশ্লিষ্ট টিমের আক্রান্তদের উপর নজর রাখা, মশার উৎস খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। জ্বরে আক্রান্তরা নির্ধারিত ফিভার ক্লিনিকগুলিতে এলে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে রোগ চিহ্নিত করতে হবে। সেইসঙ্গে পতঙ্গবাহিত রোগের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণের ব্যাপারে গুরুত্ব দেওয়ার ব্যাপারে আলোচনা হয়।