নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর আগে আদালত নিযুক্ত স্পেশাল অফিসারের কাছে টাকা চেয়েও মিলছে না। এই কারণে পুজোর আগে দেওয়া যাচ্ছে না কর্মচারীদের বেতন, বাড়ি ভাড়া প্রভৃতিও। এমনই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মমতা তৃণমূল। তাদের অভিযোগ, স্পেশাল অফিসার সুব্রত তালুকদারের কমিটি টাকা আটকে রেখেছে। এই কারণে দলীয় তহবিলের টাকা ব্যবহার করতে দেওয়ার আরজি জানানো হয়েছে।
মঙ্গলবার বিষয়টি নিয়ে দ্রুত শুনানির আবেদন করা হলেও তা মঞ্জুর করেনি বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ। বিচারপতি জানান, পুজোর ছুটির পরে আদালত খুললে এই মামলার শুনানি হবে। এর আগে পুলিশের তরফে ‘ফ্রিজ’ করা তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টগুলি পরিচালনার জন্য বিশেষ অফিসার নিয়োগ করেছিল হাইকোর্ট। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে আদালত জানায়। এর মধ্যেই স্পেশাল অফিসারের বিরুদ্ধে ফের হাইকোর্টের দ্বারস্থ হল তারা।