নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আজ, শুক্রবার রাজ্যজুড়ে বিশেষ গ্রামসভার আয়োজন করা হয়েছে। এবারের এই সভায় বিশেষ জোর দেওয়া হচ্ছে বাল্যবিবাহ রোধ। তাই গ্রামসভায় উপস্থিত মানুষজনের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট গ্রামকে বাল্যবিবাহমুক্ত করার অঙ্গীকার নিতে হবে। সেটি সম্ভবপর করে তোলার বিষয়ে নেওয়া হবে সকলের মতামত। এমনই নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর। এই বিশেষ গ্রামসভার মাধ্যমে মূলত নতুন অর্থবর্ষের (এক্ষেত্রে ২০২৭-২৮) গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা তৈরির প্রস্তুতি শুরু হয়। বিভিন্ন পঞ্চায়েতে আজ সেটাই হবে। প্রত্যেক জেলাকে গ্রামসভায় সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, সরকারি অফিসার এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত দপ্তরের চালু প্রকল্পগুলি, বিশেষভাবে ভিবি জি রামজি (১২৫ দিনের কাজের প্রকল্প) সম্পর্কে অবগত করতে হবে। এছাড়া ষোড়শ অর্থ কমিশনের কাজকর্ম এবং স্যানিটেশন নিয়েও সচেতন করতে হবে মানুষজনকে।



