নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দুর্গাপুজোর সময় নারী সুরক্ষার উপর বিশেষ জোর দিতে বারাকপুর পুলিশ কমিশনারেটকে অনুরোধ করলেন শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। সোমবার সকালে বারাকপুরে সুকান্ত সদনে পুজোর গাইড ম্যাপ প্রকাশ এবং ক্লাবগুলিকে চেক প্রদান অনুষ্ঠানে ওই অনুরোধ করেন অর্জুন সিং। তিনি বলেন, মহালয়ার দিন লক্ষ্য করছিলাম, ডিজে বাজিয়ে নাচ চলছে। ডিজে বাজানো যাবে না– এটা পরিষ্কারভাবে প্রত্যেকটি পুজো কমিটিকে বুঝে নিতে হবে। পাশাপাশি কোথাও কোনো ইভটিজিং বা নারীদের সঙ্গে অসম্মানজনক কোনো ঘটনা ঘটলে, সঙ্গে সঙ্গে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
পুলিশ কমিশনার অমিত কুমার সিং জানান, বারাকপুর পুলিশ কমিশনার এলাকায় ২৩টি থানার তিন হাজার পুজো কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। যার মধ্যে ১১০০ ক্লাবকে এদিন রাজ্য সরকারের চেক দেওয়া হল। বাকিদের সংশ্লিষ্ট থানা থেকে চেক প্রদান করা হবে। পুজোর দিনগুলিতে বারাকপুর শিল্পাঞ্চলের বড় পূজাগুলির সামনে ড্রোন দিয়ে নজরদারি করা হয় বলে জানালেন পুলিশ কমিশনার।
তিনি নিজে রবিবার কাঁচরাপাড়া, হালিশহর এলাকায় বড় বড় পূজা কমিটির মণ্ডপগুলি ঘুরে দেখেন। নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঘাটতি আছে কি না, তার উপর নজরদারি করেন। আগামী ২/১দিনের মধ্যে বারাকপুর শিল্পাঞ্চলে কয়েকটি পুজো মণ্ডপ উদ্বোধন করতে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি চার থেকে পাঁচটি পুজোর উদ্বোধন করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
এদিনের বৈঠকে প্রতিটি পুজো কমিটিকে বেশি সংখ্যক ভলান্টিয়ার নিয়োগ করার জন্য বলা হয়েছে। মহিলাদের নিরাপত্তার জন্য দুর্গাবাহিনী মোতায়েন থাকবে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন। এদিনের অনুষ্ঠানে অর্জুন সিং এবং পুলিশ কমিশনার ছাড়া মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ, বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি প্রমুখ ছিলেন।



