নাচ ও নাটক। আবার নাটক এবং নাচও। নৃত্য নিবেদিত গুরু রুক্মিণী দেবী আরুন্ডেলের আরাধ্য এক জীবন যখন মঞ্চে মুদ্রিত হয়, তখন এই দুই কলারই কৃষ্টি কৌলিন্য আপন ঐশ্বর্যে একাকার হয়ে যায়। তৈরি হয় নতুন ন্যারেটিভ। নাট্য-নৃত্য। ‘ভরতনাট্যম’ নৃত্যশৈলীর ‘সরস্বতী’ রুক্মিণী দেবীর যাপন ও জীবন, সাধনা ও সমর্পণ, স্বপ্ন ও সৃষ্টিকে সম্প্রতি তপন থিয়েটারে এক অভিনব অবয়বে মঞ্চস্থ করল ‘ছন্দে ছন্দে হালিশহর’। নাট্য-নৃত্যটির নাম ‘রুক্মিনী: আ উওম্যান ইন ইন্সপিরেশন’। এক কিশোরীর নৃত্য তৃষ্ণা ক্রমে কোন কৃচ্ছতায় ও কারুকার্যে যাবতীয় সংস্কার অতিক্রম করে নৃত্যাশ্রম কলাক্ষেত্রর ভিত্তিপ্রস্তর তৈরি করল সেই ইতিহাসকে নাট্য অবয়ব দিয়েছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপে তাঁর সঙ্গী পায়েল দাস চৌধুরি। এহেন নাট্যভাষকে চিত্রায়িত করেছেন শিল্পী সুমিতা ভট্টাচার্য। পরিচালনায় ছিলেন সৃজক চট্টোপাধ্যায়।



