Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যের সব পুরসভা ও উন্নয়ন পর্ষদে আজ বিশেষ অডিট টিম

রাজ্যের সব পুরসভা ও উন্নয়ন পর্ষদে আজ বিশেষ অডিট টিম পরিদর্শনে যাবে। দুর্নীতি তদন্তের জন্য এটি নজিরবিহীন উদ্যোগ। বিস্তারিত পড়ুন।

রাজ্যের সব পুরসভা ও উন্নয়ন পর্ষদে আজ বিশেষ অডিট টিম
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের সমস্ত পুরসভা এবং উন্নয়ন পর্ষদে একযোগে স্পেশাল অডিট করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এই মর্মে আজ, বৃহস্পতিবার সকালে একসঙ্গে ১৪৮টি পুরসভা ও উন্নয়ন পর্ষদ পরিদর্শনে যাবেন রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা। বুধবার বিকেলে সমস্ত পুরসভা এবং উন্নয়ন পর্ষদে এই সংক্রান্ত চিঠি বা নির্দেশিকা পাঠিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। জানা গিয়েছে, এই বিশেষ অডিটের জন্য আধিকারিকদের টিম তৈরি করা হয়েছে।

Advertisement

এদিন, দপ্তরের তরফে সুডা বিভিন্ন পুরসভা এবং উন্নয়ন পর্ষদের চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছে, আজ সকাল সাড়ে ৯টা থেকে সমস্ত অফিস খোলা রাখতে হবে। রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা পরিদর্শনে যাবেন। তাঁরা বিভিন্ন বিভাগের কাগজপত্র খতিয়ে দেখবেন। বিভিন্ন প্রকল্প সংক্রান্ত নথিপত্র খুঁটিয়ে দেখবেন তাঁরা। সংশ্লিষ্ট পুরসভা এবং উন্নয়ন পর্ষদের অফিসাররা যেন তাঁদের নথিপত্রের জোগান দিয়ে সহযোগিতা করে, সেই নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। স্পেশাল অডিটের জন্যই এই হঠাৎ পরিদর্শনের সিদ্ধান্ত। পুরসভার আধিকারিকরা জানাচ্ছেন, এমন পরিস্থিতি আগে কোনোদিন আসেনি। এভাবে একই দিনে একসঙ্গে সমস্ত পুরসভায় অডিট টিম ঝাঁপাচ্ছে, সেটা নজিরবিহীন।
এই বিষয়ে রাজ্যর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, পূর্বতন জমানায় সংঘটিত কোনো দুর্নীতি ঢাকা থাকবে না। প্রত্যেকটি পুরসভায় বিশেষ অডিট হবে। তার জন্য প্রতিটি পুরসভা এবং উন্নয়ন পর্ষদে এই কাজে অভিজ্ঞ আধিকারিকদের বিশেষ দল গঠন করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন পুরসভায় সংঘটিত দুর্নীতি সম্পর্কিত অভিযোগের ভিত্তিতে অর্থদপ্তরের স্পেশাল অডিট সেল তদন্ত শুরু করেছিল। ইতিমধ্যেই রাজ্যের একাধিক পুরসভায় সেই দুর্নীতি তদন্তে প্রমাণিতও হয়েছে। টাকার অঙ্কে সেই দুর্নীতির পরিমাণ ৫০ কোটি ছাড়িয়েছে! এই দুর্নীতিতে জড়িত জনপ্রতিনিধি এবং আধিকারিকদের চিহ্নিত করতে পুরদপ্তরের অধীন সংশ্লিষ্ট সংস্থাকে দায়িত্ব দিয়েছে অর্থদপ্তর।

Advertisement
সম্পর্কিত সংবাদ