কুন্তল পাল, বনগাঁ: আর মাত্র কয়েকটা দিন বাকি। বাঙালি মেতে উঠবে তাঁদের শ্রেষ্ঠ উৎসবে। আর শারদোৎসব মানেই থিমের বৈচিত্র্য, চোখ ধাঁধানো আলোর রোশনাই। সেজে উঠছে গোটা রাজ্য। পিছিয়ে নেই বনগাঁও। এবছর বনগাঁর পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে অযোধ্যার রামমন্দির। মতিগঞ্জ ঐক্য সম্মিলনী ক্লাবের এবারের থিম এটি। এবছর ৬০ তম বর্ষে পদার্পণ করেছে তাঁদের পুজো। অতীতেও বনগাঁবাসীর জন্য একাধিক চমক উপহার দিয়েছে তারা। আর এবছর বনগাঁর অন্যতম আকর্ষণ হিসাবে সেজে উঠছে রামমন্দির।
মতিগঞ্জ ঐক্য সম্মিলনী ক্লাবের কর্ণধার দেবদাস মণ্ডল বলেন, গত বছর অযোধ্যার রামমন্দির করতে চেয়েছিলাম। কিন্তু তৃণমূলের জমানায় করতে পারিনি। এবছর সেটা সম্ভব হচ্ছে। অনেক বয়স্ক মানুষ আছেন, যাঁরা ইচ্ছা থাকলেও অযোধ্যায় গিয়ে রামমন্দির দেখতে পারেন না। তাঁদের দেখার একটা সুযোগ করে দিচ্ছি আমরা। প্যান্ডেলের পাশাপাশি আলোকসজ্জাতেও চমক থাকছে আমাদের। পুজোর ক’টা দিন নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজনও করছি আমরা।
বনগাঁর আর একটি আকর্ষণীয় পুজো হয় রেটপাড়া স্পোর্টিং ক্লাবে। এবছর ৮০ তম বর্ষে তাঁদের আকর্ষণ লোটাস টেম্পল। জোরকদমে চলছে প্রস্তুতি। মণ্ডপের পাশাপাশি প্রতিমাতেও থাকছে বৈচিত্র্য। ক্লাবের এক সদস্য বলেন, পুজোর আয়োজনে খামতি রাখতে চাইছি না আমরা। দর্শকদের মন ভরাতে আকর্ষণীয় প্যান্ডেল ও আলোকসজ্জায় সেজে উঠছে আমাদের পুজো। নিজস্ব চিত্র