নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিদ্রোহী ২০ তৃণমূল সাংসদকে তাঁদের জবাবি চিঠি দিতে তিন সপ্তাহ সময় দিল লোকসভার স্পিকার অফিস। তার পরেই সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কটাক্ষের সুরে বলেছেন, ‘লোকসভার স্পিকার ২০ জন গদ্দারকে অতিরিক্ত সময় দিয়ে দিলেন! ১৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত যে মামলা রয়েছে, সেখানে নিশ্চয়ই সলিসিটর জেনারেল অন্তত এক সপ্তাহ মুলতুবি চাইবেন।’ তাঁর প্রশ্ন, ‘নিজেদের অবস্থান ঠিক বলে দাবি করার পরেও ওই ২০ জন কেন জবাব দিতে সময় চাইলেন?’ উল্লেখ্য, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদারদের মতো ২০ তৃণমূল সাংসদ বিধানসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যোগ দেন এনসিপিআই দলে। এই ২০ জনের সাংসদ পদ খারিজের দাবি করে ১৯ জুন স্পিকারকে চিঠি দেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোলেন। এর প্রেক্ষিতে গত ২৫ আগস্ট বিদ্রোহী ২০ সাংসদকে নোটিস দেয় সচিবালয়। ১ সেপ্টেম্বরের মধ্যে জবাব দেওয়ার কথা থাকলেও ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছেন সুদীপরা।



