Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

উরুগুয়েকে হারাতে তৈরি স্পেন

ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ শহর গুয়াদালাহারা। হাইরাইজ বিল্ডিং আর ঝাঁ চকচকে রাস্তার পরতে পরতে দেখা মিলবে আধুনিকতার ছোঁয়া।

উরুগুয়েকে হারাতে তৈরি স্পেন
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেক্সিকো সিটি: ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ শহর গুয়াদালাহারা। হাইরাইজ বিল্ডিং আর ঝাঁ চকচকে রাস্তার পরতে পরতে দেখা মিলবে আধুনিকতার ছোঁয়া। তারমধ্যেও বছরের পর বছর নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে মরিয়া মেক্সিকানরা। ঐতিহ্যবাহী মারিয়াচি সঙ্গীত এবং টাকিলার উৎপত্তিস্থল হিসেবে গুয়াদালাহারার বিশ্বজুড়ে রয়েছে বিশেষ পরিচিতি। শুক্রবার (ভারতীয় সময় শনিবার ভোরে) এই শহরেই বিশ্বকাপের আসরে খেলতে নামছে স্পেন ও উরুগুয়ে। এই ম্যাচের ফলের উপর অনেকটাই নির্ভর করবে গ্রুপ এইচের ভাগ্য। দু’ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষস্থানে স্পেন। আর সমসংখ্যক ম্যাচে দু’পয়েন্ট নিয়ে তাদের পরেই রয়েছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে উরুগুয়ের বিরুদ্ধে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক-আউটের টিকিট নিশ্চিত করতে চাইবে লুই ডে লা ফুয়েন্তে ব্রিগেড। পক্ষান্তরে, চলতি বিশ্বকাপে পরবর্তী রাউন্ডের আশা জিইয়ে রাখতে স্পেনের বিরুদ্ধে পয়েন্ট পেতেই হবে মার্সেলো বিয়েলসার ছেলেদের। গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরবের (১ পয়েন্ট) বিরুদ্ধে জিতলে ৫ পয়েন্টে পৌঁছবে কেপ ভার্দে (২ পয়েন্ট)। সেক্ষেত্রে উরুগুয়ের সামনে তৃতীয় দল হিসেবে নক-আউটে যাওয়ার সুযোগ থাকবে।

Advertisement

অতীতে মোট ১০বার মুখোমুখি হয়েছে স্পেন ও উরুগুয়ে। পাঁচবার শেষ হাসি হয়েছে লা রোহা ব্রিগেড। বাকি পাঁচটি ম্যাচ ড্র। অর্থাৎ, স্প্যানিয়ার্ডদের বিরুদ্ধে এখনও পর্যন্ত জিততে পারেনি উরুগুয়ানরা। চলতি বিশ্বকাপেও ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে তাদের খেলাতে। প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্র করেন ফেডেরিকো ভালভার্দেরা। এরপর অনামী কেপ ভার্দের বিরুদ্ধেও লিড নিয়ে তা ধরে রাখতে ব্যর্থ তাঁরা। প্রথম দু’টি ম্যাচে দলের ছন্নছাড়া পারফরম্যান্সের পর প্রশ্নের মুখে কোচ বিয়েলসার দল নির্বাচন। স্পেনের কাছে হারলে যে চাপ বাড়বে, তা ভালোই জানেন অভিজ্ঞ আর্জেন্তাইন কোচ। তবে বড় ম্যাচে সেরাটা মেলে ধরতে জানেন ভালভার্দে-নুনেজরা। সেটাই ভরসা জোগাচ্ছে ‘কোচ অব কোচেস’ বিয়েলসাকে।
শুক্রবার ফেভারিট হিসেবেই মাঠে নামবে স্পেন। কেপ ভার্দের বিরুদ্ধে ড্রয়ের পর গত ম্যাচে সৌদিকে চার গোলের মালা পরায় ফুয়েন্তে ব্রিগেড। চোট সারিয়ে লামিনে ইয়ামাল প্রথম একাদশে ফিরতেই চেনা ছন্দে ২০১০ বিশ্বচ্যাম্পিয়নরা। উরুগুয়ের বিরুদ্ধেও সেই ছন্দ বজায় রেখে জয় নিয়ে মাঠ ছাড়াই লক্ষ্য স্প্যানিয়ার্ডদের। অনুশীলনেও বেশ চনমনে দেখাল পেড্রি, গাবিদের। তবে উরুগুয়েকে মোটেই হালকাভাবে নিতে নারাজ স্পেন কোচ। তাই শুরু থেকেই উইংয়ে ঝড় তুলতে ইয়ামালের সঙ্গে নিকো উইলিয়ামসকে রেখে শুক্রবার দল সাজাতে পারেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ