Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণ ২৪ পরগনা: লক্ষ্মীর ভাণ্ডারের প্রায় ২ লক্ষ নাম বাদ অন্নপূর্ণা যোজনা হবে ঝাড়াই-বাছাই করে

দক্ষিণ ২৪ পরগনায় লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের তালিকা থেকে প্রাথমিকভাবে বাদ যাচ্ছে প্রায় দুই লক্ষ মহিলার নাম।

দক্ষিণ ২৪ পরগনা: লক্ষ্মীর ভাণ্ডারের প্রায় ২ লক্ষ নাম বাদ  অন্নপূর্ণা যোজনা হবে ঝাড়াই-বাছাই করে
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনায় লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের তালিকা থেকে প্রাথমিকভাবে বাদ যাচ্ছে প্রায় দুই লক্ষ মহিলার নাম। এরা হয় মৃত বা ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে অথবা অন্যত্র চলে গিয়েছেন, কিন্তু নাম এখনও তালিকায় রয়ে গিয়েছে। এদের বাদ দিয়েই শুরু হবে অন্নপূর্ণা যোজনা। এছাড়াও যাঁদের নাম ট্রাইব্যুনাল ‘বিবেচনা’ করছে, তাঁদের তালিকা আলাদা করা হয়েছে। এঁদের নাম এখনই বাদ দেওয়া হবে না। প্রসঙ্গত, এই জেলায় এতদিন এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা ছিল প্রায় ২২ লক্ষ।

Advertisement

আগামী মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার শেষ হয়ে শুরু হচ্ছে বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনা। যোগ্য মহিলারা যাতে এই প্রকল্পের টাকা পান, সে ব্যাপারে সতর্ক রাজ্য প্রশাসন। তাই লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকের তালিকা নিয়ে শুরু হয়েছিল ঝাড়াই-বাছাইয়ের কাজ। ঠিক যেভাবে এসআইআর পদ্ধতি মেনে ভোটার তালিকা বাছাই করেছিল নির্বাচন কমিশন, এক্ষেত্রেও অনেকটা সেরকমভাবে তালিকায় বৈধ ও যোগ্য মহিলাদের রাখা হয়েছে। দেখা যায় জেলায় অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাওয়ার পরও সেই নামগুলি রয়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকের তালিকায়। মৃতদের নামও বাদ পড়েনি। তবে ভোটার তালিকা থেকে নাম ডিলিট হওয়ার পর যাঁরা ট্রাইব্যুনালে বা নাগরিকত্বের জন্য আবেদন করে রেখেছেন, তাঁদের আপাতত বিবেচনাধীন হিসাবে রাখা হয়েছে।
এদিকে, যাঁরা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তাঁদের তথ্য  ভেরিফিকেশনের কাজ শুরু হল রাজপুর সোনারপুর পুরসভা এলাকায়। বিভিন্ন নথি নিয়ে পুরসভার অফিসগুলিতে গিয়ে তথ্য যাচাই করিয়ে আসতে হচ্ছে মহিলাদের। তাতে এসব জায়গায় দীর্ঘ লাইন পড়েছে। কারণ আজ, শুক্রবার এই প্রক্রিয়ার শেষ দিন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে শুধু পুরসভা নয়, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো বিধায়কদেরও এই যাচাইয়ের দায়িত্ব নিতে বলা হয়েছিল। এদিন যেমন সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধরের নির্দেশে বিজেপির কার্যকর্তারা ক্যাম্প করে যাচাই পর্ব সারলেন।

সম্পর্কিত সংবাদ