নয়াদিল্লি: সোনাম ওয়াংচুককে জাতীয় পুরস্কার উৎসর্গ করলেন পরিচালক সৌরভ পালোধী। শনিবার তাঁর পরিচালিত ‘অঙ্ক কি কঠিন’ ছবির জন্য পুরস্কৃত হয়েছে তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব ও গীতশ্রী চক্রবর্তী। বাংলা ছবির এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সৌরভ। তবে তিনি কুর্ণিশ জানাতে চান সমাজকর্মী সোনামের লড়াইকে। সেই কারণেই তাঁকে এই জাতীয় পুরস্কার উৎসর্গ করেছেন পরিচালক। সৌরভের কথায়, ‘সোনাম ওয়াংচুক এই প্রজন্মের শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের সমর্থনে অনশনে বসেছিলেন। আমার মনে হয়েছে, সচেতন নাগরিক হিসাবে এভাবেই আমি ওঁকে সমর্থন জানাতে পারি।’ বিনোদন থেকে খেলা— বিভিন্ন ক্ষেত্রের তারকারা সোনামের পাশে দাঁড়িয়েছেন। রবিবার এক্স হ্যান্ডলে ভারতের প্রথম ওলিম্পিক্স পদকজয়ী মহিলা শ্যুটার মনু ভাকের লিখেছেন, ‘এখন বিষয়টি শুধু একটি ঘটনায় সীমাবদ্ধ নেই। এটা আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জীবন নিয়ে। এটা আমাদের সকলের বিষয়। এটি কোনো রাজনৈতিক দলকে সমর্থন বা বিরোধিতা নয়। এটি শিক্ষা, পরিবেশ, নিরাপত্তার মতো মৌলিক বিষয়গুলির পক্ষে কথা বলার সময়। আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করতে গর্ববোধ করি। তাই শিক্ষার্থীদের এভাবে কষ্ট পেতে বা প্রাণ হারাতে দেখা অত্যন্ত হৃদয়বিদারক।’



