


সুকান্ত বেরা, কলকাতা: রবিবার ইডেনে টিম ইন্ডিয়ার ভাগ্যপরীক্ষা। জিতলেই শেষ চারের টিকিট, হারলেই বিদায়। চেন্নাইয়ে জিম্বাবোয়েকে হারানোর পর সূর্যদের ঘিরে উন্মাদনা তুঙ্গে। শহর আক্রান্ত ক্রিকেট জ্বরে। টিকিটের হাহাকার। কালোবাজারিদের মুখে চওড়া হাসি। এই ধরনের ম্যাচ মানে সবচেয়ে বেশি চাপ সিএবি সভাপতির। কীভাবে তা সামলাচ্ছেন সৌরভ গাঙ্গুলি? ইডেনের মহাম্যাচে কোন দলকে এগিয়ে? শনিবার দুপুরে বেহালার অফিসে বসে চরম ব্যস্ততার ফাঁকে একান্তে জানালেন মহারাজ।
প্রশ্ন: আপনার মতে কারা এগিয়ে?
সৌরভ: দুটোই ভালো দল। দারুণ ক্রিকেট খেলছে। ম্যাচ ফিফটি-ফিফটি।
প্রশ্ন: একাধিক বিস্ফোরক ব্যাটার থাকার কারণেই কি ওয়েস্ট ইন্ডিজকে বিপজ্জনক মনে হচ্ছে?
সৌরভ: ভারত অনেক বেশি বিপজ্জনক। গত এক-দেড় বছর ধরে টি-২০ ফরম্যাটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে। গত ম্যাচটা তো দেখলেন। শুরুটা ভালো হলে ভারতীয় ব্যাটারদেরও থামানো কঠিন।
প্রশ্ন: উইকেট দেখে কী মনে হল?
সৌরভ: সুন্দর উইকেট। সামান্য ঘাস আছে। সিম মুভমেন্ট হতে পারে।
প্রশ্ন: এই ম্যাচে আপনি ক্যাপ্টেন থাকলে টস জিতে কি করতেন?
সৌরভ: ইডেনে রান চেজ করা তুলনায় সহজ। তাই পরে ব্যাট করতাম। ডিউ ফ্যাক্টরের সুবিধাও মিলবে।
প্রশ্ন: টিকিটের তো প্রবল চাপ। সামলাচ্ছেন কীভাবে?
সৌরভ: বড় ম্যাচে চাপ থাকেই। তবে এগুলো গা সওয়া হয়ে গিয়েছে। ২০১৬ সালে সিএবি সভাপতি হিসেবে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন আরও বেশি কঠিন ছিল।
প্রশ্ন: রিঙ্কুর সময়টা খারাপ যাচ্ছে। পিতার শেষকৃত্য সম্পন্ন করে ফের দলে দলে যোগ দিয়েছেন...
সৌরভ: খুবই হৃদয়বিদারক ঘটনা। আশা করছি, ও দ্রুত এই শোক কাটিয়ে উঠবে।
প্রশ্ন: গত ম্যাচে জিতলেও ভারতের বোলিং কিন্ত চিন্তায় রেখেছে গম্ভীরকে। বিশেষ করে বরুণ চক্রবর্তীর অফ ফর্ম নিয়ে কী বলবেন?
সৌরভ: ভারতের বোলিং মোটেও খারাপ নয়। বুমরাহ, অর্শদীপ নতুন বলে সফল। হার্দিকেরও এই পিচে ভালো পারফর্ম করা উচিত। আর বরুণ এই মুহূর্তে দেশের সেরা স্পিনার। দুটো ম্যাচ খারাপ খেলেছে বলে হতাশ হওয়ার কিছু নেই।