নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এ বছর বিভিন্ন পুজো কমিটি ও বিজ্ঞাপন এজেন্সিগুলিকে পুজোয় ডিজিটাল বিলবোর্ড বসানোর অনুমতি দিতে চলেছে কলকাতা পুরসভা। এই সংক্রান্ত কিছু নির্দেশিকা জারি করবে কর্তৃপক্ষ। কিন্তু, তার আগে পুরসভার অনুমোদন না নিয়ে যে সব পুজো কমিটি বা এজেন্সি ইতিমধ্যেই অস্থায়ী কাঠামো বানিয়ে ডিজিটাল বিজ্ঞাপন চালাতে শুরু করেছে, তাদের জরিমানা করা হবে। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ বিষয়ে কড়া বার্তা দিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে।
উল্লেখ্য, পুরসভার অনুমোদন না নিয়ে একাধিক পুজো কমিটি এলইডি স্ট্রাকচার বানিয়ে ডিজিটাল বিজ্ঞাপন চালাতে শুরু করেছে। এই সংক্রান্ত খবর প্রকাশ করে ‘বর্তমান’। এই পুজো কমিটিগুলির সিংহভাগেরই মাথায় রয়েছেন বিজেপির কোনো না কোনো নেতা। পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যেই বেশ কয়েকটি স্পটকে চিহ্নিত করা হয়েছে। রাসবিহারী, হাজরা, গোলপার্ক, পার্ক স্ট্রিট, হাতিবাগান সহ শহরের বেশ কয়েকটি অঞ্চলে এমন বিজ্ঞাপন নজরে এসেছে। স্মিতা পান্ডে বলেন, পুজো সংক্রান্ত ডিজিটাল বিজ্ঞাপনের ক্ষেত্রে এতদিন কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না। আগে পুজোর বিজ্ঞাপনের ক্ষেত্রে পুরসভা থেকে এনওসি’ও নেওয়া হত না। এবার আমরা তা চালু করেছি। ডিজিটাল বিজ্ঞাপনের ক্ষেত্রে এসওপি বানানো হচ্ছে। অস্থায়ী স্ট্রাকচার থাকবে। পুজোর পর সেগুলি খুলে ফেলতে হবে। কিন্তু, যে সব পুজো কমিটি বা এজেন্সি অনুমোদন ছাড়াই ডিজিটাল বিজ্ঞাপন চালাচ্ছে, তাদের জরিমানা করা হবে।