• বিপাকে সঙ্গীতশিল্পী সোনু নিগম। মঞ্চে পারফর্ম করার সময় তাঁর দিকে ঢিল ছোড়া হল। সদ্য দিল্লির টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফেস্ট উপলক্ষ্যে সেখানে শো করতে গিয়েছিলেন সোনু। অনুষ্ঠানে এক লক্ষের বেশি দর্শক সমাগম হয়েছিল। সোনু গান শুরু করার কিছুক্ষণের মধ্যে একের পর এক ঢিল, বোতল ছোড়া হয় গায়কের দিকে। সোনুকে রক্ষা করতে গিয়ে তাঁর টিমের অনেক সদস্যও আহত হয়েছেন বলে খবর। যদিও এই ঘটনায় মেজাজ হারাননি তিনি। শান্ত গলায় দর্শকদের বিরত থাকতে অনুরোধ করেন। তিনি বলেন, ‘আমি তো আপনাদের জন্যই এখানে এসেছি। এর মাধ্যমে আমরা সকলেই একটু ভালো সময় কাটাতে চাই। আমি চাইব আপনারা আনন্দ করুন। কিন্তু আপনাদের আনন্দ যেন কারও নিরানন্দের কারণ না হয়।’ প্রশ্ন উঠছে, এমন পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি কেন? এর আগে কলকাতায় কনসার্টে এসেও দর্শক-শ্রোতাদের একাংশের আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন সোনু।



