নয়াদিল্লি: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভ চলছে ককরোচ জনতা পার্টির। রবিবার থেকে সেখানে অনির্দিষ্টকালের অনশন শুরু করলেন পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। এদিন রিয়েল লাইফের ‘র্যাঞ্চো’র কর্মসূচি শুরুর সময় আন্দোলন স্থলে কয়েকশো ছাত্র-যুব উপস্থিত ছিলেন। দেখা গিয়েছে একাধিক কৃষক নেতাকেও। দু’মিনিট নীরবতা পালনের পর অনশন শুরু করেন র্যাঞ্চো। এর আগে এদিন রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাজ্ঞাপন করেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও ওয়াংচুক। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন দিপকে। তিনি জানান, রবিবারের কর্মসূচিতে যোগ দিতে উত্তরপ্রদেশ, হরিয়ানা ও পাঞ্জাব থেকে বহু কৃষক নেতাদের আসার কথা ছিল। কিন্তু, পুলিশ তাঁদের ‘হাউস অ্যারেস্ট’ করে রেখেছে।



