Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

শ্যুটিংয়ে সোনা সুরুচি-কমলজিৎ জুটির

এশিয়ান গেমসে অবশেষে দ্বিতীয় সোনার মুখ দেখল ভারত। শ্যুটিংয়ের মিক্সড টিম ১০ মিটার এয়ার পিস্তলে বিজয়ীর হাসি ছড়ালেন সুরুচি সিং ও কমলজিৎ।

শ্যুটিংয়ে সোনা সুরুচি-কমলজিৎ জুটির
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগোয়া: এশিয়ান গেমসে অবশেষে দ্বিতীয় সোনার মুখ দেখল ভারত। শ্যুটিংয়ের মিক্সড টিম ১০ মিটার এয়ার পিস্তলে বিজয়ীর হাসি ছড়ালেন সুরুচি সিং ও কমলজিৎ। শ্যুটিং রেঞ্জে শুক্রবার সোনার পাশাপাশি এসেছে একটি রুপো। ছেলেদের দলগত ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে দ্বিতীয় স্থানে শেষ করেছে ভারতীয় দল। গেমসের ষষ্ঠ দিনের শেষবেলায় ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আলো ছড়ালেন গুলবীর সিং। পুরুষদের ১০ হাজার মিটারে রুপো জিতলেন ২৮ বছর বয়সি দূরপাল্লার দৌড়বিদ। পাশাপাশি এদিন প্রথম ভারতীয় হিসাবে এশিয়াডের পোল ভল্টে পদক জয়ের ইতিহাস গড়লেন বারানিকা এলাঙ্গোভান।

Advertisement

উত্তরপ্রদেশের আলিগড়ের সিরসা গ্রাম থেকে আন্তর্জাতিক মঞ্চে উঠে আসা গুলবীরের আসল শক্তি লড়াকু মানসিকতা। আর তা কাজে লাগিয়েই একের পর এক আসরে মোক্ষলাভ। চার বছর আগে হাংঝউ এশিয়াডে জিতেছিলেন ব্রোঞ্জ। নাগোয়ায় সেটাকেই রুপোয় বদলে ফেললেন তিনি। শুক্রবার ২৮ মিনিট ২৯.৩৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করলেন তিনি। সোনা জিতেছেন বাহরিনের বিরহানু বালেউ (২৮ মিনিট ২৭.৫১)। আর ব্রোঞ্জ পেয়েছেন তাঁরই সতীর্থ আলবার্ট কিপটো। মাস দেড়েক আগেই কমনওয়েলথ গেমসে জোড়া পদক জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন গুলবীর। ১০ হাজার মিটারে রুপোর পাশাপাশি ৫ হাজার মিটারে জিতেছিলেন ব্রোঞ্জ। এশিয়াডেও জোড়া পদকের স্বপ্ন জাগালেন তিনি।
শ্যুটিং রেঞ্জে রাইফেল ইভেন্টে চরম হতাশ করেছেন মানু ভাকেরের মতো তারকারা। এদিন ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে সেই আক্ষেপ কিছুটা ঘোচাল সুরুচি-কমলজিৎ জুটি। ফাইনালে একটা সময় পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সুহিয়ন হং-গেউন চু’র সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হলেও মোক্ষম সময়ে স্নায়ুর চাপ সামলে বাজিমাত করেন তাঁরা। সোনা জয়ের পথে মোট ৪৮৪.৬ পয়েন্ট স্কোর করেন সুরুচি-কমলজিৎ। আর ৩.৮ পয়েন্ট বেশি পেলে বিশ্বরেকর্ডও স্পর্শ করতেন তাঁরা। রুপোজয়ী কোরিয়ান জুটির সংগ্রহ ৪৭৮.০ পয়েন্ট। এই ইভেন্টে ব্রোঞ্জ পায় ইরান। যোগ্যতা অর্জন পর্বে ৫৮৭ পয়েন্ট স্কোর করে প্রথম জুটি হিসাবে ফাইনালে উঠেছিলেন সুরুচিরা। সোনা জিতে তারই সফল পরিসমাপ্তি ঘটালেন দুই ভারতীয় শ্যুটার। শেষ লগ্নে জুটি বদলেই মিলেছে সাফল্য। প্রথমে ঠিক ছিল সুরুচির সঙ্গে নামবেন বালাকৃষ্ণ উচাগানভ। কিন্তু ব্যক্তিগত ইভেন্টে তাঁর শোচনীয় ব্যর্থতার কথা মাথায় রেখে মত বদলান কোচ ও কর্তারা। বালাকৃষ্ণের পরিবর্তে সুরুচির পার্টনার হিসাবে বেছে নেওয়া হয় কমলজিৎকে। 
শ্যুটিংয়ের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনেও সোনার আশা জাগিয়েছিল ভারতের পুরুষ দল। কিন্তু দুরন্ত লড়েও রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় ঐশ্বর্য প্রতাপ সিং তোমার, নীরজ কুমার এবং রুদ্রাংশ প্যাটেলকে। ফাইনালে তাঁরা স্কোর করেছেন ১৭৬২ পয়েন্ট। মাত্র ৪ পয়েন্ট বেশি স্কোর করে সোনা জিতেছে চীন (১৭৬৬)। আর ব্রোঞ্জ পায় দক্ষিণ কোরিয়া (১৭৫১)।
এছাড়াও এদিন ভারতের পদক তালিকায় যোগ হয়েছে তিনটি ব্রোঞ্জ। মহিলাদের পোল ভল্টে দেশকে প্রথবার এশিয়াডের পদক উপহার দিলেন বারানিকা এলাঙ্গোভান। তামিলনাড়ুর ২৯ বছরের কন্যা অতিক্রম করেন ৪.১৫ মিটার উচ্চতা। পাশাপাশি মহিলাদের শটপাটে মনপ্রীত কাউর ব্রোঞ্জ পেয়েছেন। টিটি’র মিক্সড ডাবলসেও এসেছে পদক। ভারতের ঝুলিতে আপাতত ২টি সোনা, ৯টি রুপো ও ১২টি ব্রোঞ্জ।

Advertisement
সম্পর্কিত সংবাদ