নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় শালীকে কুপিয়ে খুনের চেষ্টা জামাইবাবুর। তদন্ত নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করল হাঁসখালি থানার পুলিস। রক্তাক্ত অবস্থায় জখম মহিলাকে ভর্তি করা হয়েছে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম বিমল বিশ্বাস। ঘটনাটি ঘটেছে হাঁসখালি থানা এলাকার ফুলবাড়ি এলাকায়। আক্রান্ত সরস্বতী বিশ্বাস বিধবা। তিনি একাই থাকতেন। অভিযোগ, বিমল ওই মহিলাকে একাধিকবার প্রেমের প্রস্তাব দিয়েছিল। সরস্বতী রাজি না হওয়ায় তাঁকে ক্রমাগত উত্যক্ত করছিল বিমল। মঙ্গলবার সন্ধ্যায় শালীকে একা পেয়ে ফের প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু এবার প্রত্যাখ্যাত হওয়ায় রাগে সরস্বতীকে ধারালো অস্ত্রের কোপ মারে বিমল। মাথা এবং হাতে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সরস্বতী। তাঁকে উদ্ধার করে হাসখালি থেকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন ওই মহিলা।
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বিমল বিশ্বাস কৃষ্ণনগরের জলট্যাঙ্কি এলাকার বাসিন্দা। আক্রান্তের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয় হাঁসখালি থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিমলকে গ্রেপ্তার করে হাঁসখালি থানা। তার বিরুদ্ধে খুনের চেষ্টা সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীরা জানাচ্ছেন, খুনের চেষ্টার মামলা রুজু করা হলেও এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে আক্রান্তের পরিবারের এক সদস্য লক্ষ্মী বিশ্বাস বলেন, মাঠে ছাগল চরাতে গিয়েছিল সরস্বতী। সেই সময় বিমল ওই মাঠে গিয়েছিল। তাদের মধ্যে কী ঘটেছিল জানি না। মাঠেই ধারালো অস্ত্রের কোপ মেরে খুনের চেষ্টা করা হয় বলে আমি শুনেছি। রক্তাক্ত অবস্থায় তাঁকে মাঠ থেকেই উদ্ধার করা হয়েছে। আমরা সরস্বতীতে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছি। পুলিসের এক কর্তা বলেন, আক্রান্ত মহিলাকে নিয়মিত প্রেমের প্রস্তাব দিচ্ছিল অভিযুক্ত। সম্পর্কে সে ওই মহিলার জামাইবাবু হয়। কিন্তু বার বার প্রত্যাখ্যাত হয়ে মহিলাকে খুনের পরিকল্পনা করেছিল সে। আক্রান্ত মহিলা হাসপাতালে ভর্তি। আমরা খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্ত শুরু করেছি। ইতিমধ্যেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের কারণ অনুসন্ধান করতে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।