Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কুড়ুল দিয়ে মায়ের দেহ দু’ টুকরো করে দিল ছেলে, ভয়ানক ঘটনায় আতঙ্ক এলাকাবাসীদের

কোলাঘাটে ছেলে কুড়ুল দিয়ে মাকে খুন করেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিস্তারিত পড়ুন।

কুড়ুল দিয়ে মায়ের দেহ দু’ টুকরো করে দিল ছেলে, ভয়ানক ঘটনায় আতঙ্ক এলাকাবাসীদের
  • ১৭ জুন, ২০২৬ ০৯:৪৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: কুড়ুল দিয়ে মায়ের দেহ দু’ টুকরো করে দিল ছেলে। তারপর কাটা মাথা বস্তার মধ্যে পুরে পুকুরে ভাসিয়ে দেওয়ার মতো নরকীয় ঘটনার সাক্ষী থাকল কোলাঘাট। বাড়ির মধ্যে বিছানায় মহিলার ক্ষত বিক্ষত দেহ পড়ে থাকতে দেখে হতবাক পাড়া প্রতিবেশীরা। আজ ভোরে কোলাঘাট থানার কাঁউরচণ্ডী গ্রামে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। মৃতের নাম ভারতী চক্রবর্তী(৬৫)। তাঁকে খুনের অভিযোগে ছোট ছেলে বাসুদেব চক্রবর্তীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে কোলাঘাট থানার পুলিশ। পুকুর থেকে ভারতীদেবীর কাটা মুণ্ড উদ্ধার করা হয়েছে। খুনে অভিযুক্ত ছেলের ফাঁসির দাবিতে সরব এলাকাবাসী।

Advertisement

জানা গিয়েছে, ভারতীদেবীর স্বামী বেশ কয়েকবছর আগে মারা গিয়েছেন। তিন ছেলের মধ্যে তিনি ছোট ছেলে বাসুদেবের সঙ্গেই থাকতেন। বাকি দুই ছেলে আলাদা থাকেন। বাসুদেব মানসিক বিকারগ্রস্ত। বুধবার ভোরে একটি বস্তার মধ্যে কিছু পুরে পুকুরে সেটি ছুঁড়ে ফেলতে দেখেই বাসুদেবকে সন্দেহ করেন এক প্রতিবেশী মহিলা। সকালে ওই প্রতিবেশী মহিলা বাসুদেবের মায়ের কাছে এনিয়ে নালিশ জানাতে এসে দেখেন, বাড়ির ভিতর বিছানায় মুণ্ডহীন দেহ পড়ে আছে। এরপর চিৎকার করতেই এলাকার লোকজন জড়ো হন। বাড়ির পাশেই চুপচাপ দাঁড়িয়েছিল বাসুদেব। তার প্যান্টের মধ্যে রক্তের দাগ। মাকে খুন করার কথা সে স্বীকার করেছে। খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ পৌঁছায়। বাসুদেবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ভারতীদেবীর দেহ নিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যাওয়া হয়। সকাল ৯টা নাগাদ তমলুকের সার্কেল ইন্সপেক্টর ঘটনাস্থলে যান। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মানসিক ব্যাধি থেকেই বাসুদেব এমন নির্মম খুন করেছে বলে অনুমান। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ