Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শেষ পর্যায়ে, সার বিক্রি করে লাভের আশা

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে বাড়তি জোর দিয়েছে রাজ্য সরকার। সেই মতো বারাসত ১ ব্লকের দত্তপুকুর ১ পঞ্চায়েত এলাকায় তৈরি হচ্ছে এমন প্রকল্প।

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শেষ পর্যায়ে, সার বিক্রি করে লাভের আশা
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে বাড়তি জোর দিয়েছে রাজ্য সরকার। সেই মতো বারাসত ১ ব্লকের দত্তপুকুর ১ পঞ্চায়েত এলাকায় তৈরি হচ্ছে এমন প্রকল্প। এর ফলে পরিবেশ পরিচ্ছন্ন থাকার পাশাপাশি পচনশীল বর্জ্য থেকে সার তৈরি ও বিক্রি করে লাভবান হবে পঞ্চায়েত। এই কাজের জন্য টেন্ডার হয়েছে ৫৫ লক্ষ ৫৫ হাজার ৮৮২ টাকার।

Advertisement

উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিয়েছে প্রশাসন। প্রতিটি পঞ্চায়েতে এক থেকে দু’টি করে এমন প্রকল্প তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। শহর ঘেঁষা পঞ্চায়েতের ক্ষেত্রে সংখ্যাটি আরও বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। সেই মতো জেলার ২২টি ব্লকের ১৯৯টি গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পের কাজ চলছে জোরকদমে।
এক্ষেত্রে বিশেষভাবে নজর কাড়ছে বারাসত ১ ব্লক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই পঞ্চায়েত এলাকায় প্রায় ৪০ হাজার মানুষের বসবাস। একইসঙ্গে আছে একাধিক সরকারি অফিস, স্কুল, বাজার সহ ঘন জনবসতিপূর্ণ এলাকা। ঠিক হয়েছে, এই প্রকল্পে বাড়ি বাড়ি থেকে সংগৃহীত বর্জ্যকে প্রথমে পচনশীল ও অপচনশীল হিসাবে আলাদা করা হবে। পচনশীল আবর্জনা থেকে তৈরি হবে কম্পোস্ট সার। আর অপচনশীল প্লাস্টিক জাতীয় আবর্জনা বিক্রি করা হবে। সেই প্লাস্টিক রাস্তা তৈরিতেও কাজে লাগবে। আবর্জনা সংগ্রহ থেকে সার তৈরিতে পঞ্চায়েতের বাসিন্দারা কাজও পাবেন।
প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, এই প্রকল্পের ফলে প্রাথমিক পর্যায়েই পঞ্চায়েত মাসে ১০ হাজার টাকা করে উপার্জন করতে পারবে। এই কাজ এখন শেষ মুহূর্তে। চারদিকে পাঁচিল তৈরি করা হয়েছে। এনিয়ে বারাসত ১-এর বিডিও রাজীব দত্তচৌধুরী বলেন, সরকারের নির্দেশ মতো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এই কাজ করা হচ্ছে। গোটা প্রকল্পের জায়গাকে আমরা অন্যরকমভাবে সাজিয়ে তুলছি। আশা করছি শহর লাগোয়া এই পঞ্চায়েতের প্রকল্পটি থেকে উৎপাদিত সার ভালোই বিক্রি হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ