বিশেষ সংবাদদাতা, ইটানগর: অরুণাচল প্রদেশের ভারত-মায়ানমার সীমান্তে জঙ্গি হামলায় প্রাণ হারালেন অসম রাইফেলসের এক জওয়ান। আহত হয়েছেন চারজন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে চাংলাং জেলায়। জানা গিয়েছে, সকাল সাড়ে ছ’টা নাগাদ নামপং নাল্লার কাছে সীমান্ত এলাকায় টহলের সময় অসম রাইফেলসের জওয়ানদের উপর হামলার ঘটনাটি ঘটে। প্রাণ হারান হাবিলদার জানখোকাই কুকি (৪২)। আহত হন আরও চার জওয়ান। তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার পরেই গোটা এলাকায় জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তদন্তে অনুমান, হামলার নেপথ্যে এনএসসিএন (কে-ওয়াইএ) গোষ্ঠীর জঙ্গিদের হাত রয়েছে।



