কুয়ালা লামপুর, ২ জুন: শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল মালয়েশিয়া। সোমবার থেকে দেশটিতে কার্যকর হচ্ছে নতুন অনলাইন সুরক্ষা আইন। যেই আইনের আওতায় ১৬ বছরের কম বয়সি কেউ আর নতুন করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে পারবে না। পাশাপাশি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলিকে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের বাধ্যতামূলক ব্যবস্থা চালু করতে হবে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউবের মতো বেশ কিছু প্ল্যাটফর্মগুলির ওপর কড়া নীতি কর্যকর হতে চলেছে। ১৬ বছরের কম বয়সি কেউ আর এই প্ল্যাটফর্মগুলি ব্যবহার করতে পারবেনা। করতে হবে বয়স যাচাই। বয়সের অনুমতি মিললে তবেই সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে। বয়স নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট কিংবা অন্যান্য সরকারি নথির মাধ্যমে যাচাই প্রক্রিয়া চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন জানিয়েছে, দেশে অন্তত ৮০ লক্ষ ব্যবহারকারী রয়েছে যাদের বয়স ১৬ বছরের নীচে। এই আইন খুব তাড়াতাড়ি কার্যকর হতে চলেছে, তবে প্রযুক্তি সংস্থাগুলিকে নিয়ম বাস্তবায়নের জন্য কিছুটা সময়ও দেওয়া হবে। তবে সেই সময়সীমা কতদিন, তা এখনও স্পষ্ট করা হয়নি। নতুন বিধিমালায় শুধু বয়স যাচাই নয়, অনলাইন প্ল্যাটফর্মগুলোর জন্য আরও বেশ কিছু বাধ্যবাধকতা রাখা হয়েছে। ক্ষতিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ, ব্যবহারকারীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা, বিজ্ঞাপনদাতাদের পরিচয় যাচাই ইত্যাদি। সরকার জানিয়েছে, নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সংস্থাকে সর্বোচ্চ ১ কোটি মালয়েশিয়ান রিঙ্গিট পর্যন্ত জরিমানা করা হতে পারে। ফলে নতুন আইন বাস্তবায়নে প্রযুক্তি কোম্পানিগুলোর উপর চাপও বাড়ছে ক্রমশ।
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের ক্ষেত্রে মালয়েশিয়া একা নয়। ইতোমধ্যে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সিদের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। একই ধরনের পদক্ষেপ নিয়েছে ইন্দোনেশিয়াও। ইউরোপের বিভিন্ন দেশেও শিশু-কিশোরদের অনলাইন সুরক্ষা নিয়ে নতুন আইন প্রণয়নের উদ্যোগ চলছে।