নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই সন্তোষ ট্রফির কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলা। টানা তিন ম্যাচে জয়ের পর শনিবার মণিপুরের বিরুদ্ধে ড্র করে সঞ্জয় সেনের ছেলেরা। গত ম্যাচে দলে একাধিক পরিবর্তন করেও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরে খুশি তিনি। তবে এবার সামনে আরও কঠিন লড়াই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সোমবার বাংলার প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেস। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও আত্মবিশ্বাসী বঙ্গ ব্রিগেড। অপরাজেয় দৌড় বজায় রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পৌঁছনোই লক্ষ্য নরহরি শ্রেষ্ঠা, রবি হাঁসদাদের। কোচ সঞ্জয় সেন জানান, ‘সার্ভিসেস যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। তারা শুধু গতবারের চ্যাম্পিয়ন নয়, শেষ ১০ বছর ধরে ধারাবাহিক পারফর্ম করে আসছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’ মণিপুর ম্যাচে একাধিক পরিবর্তন প্রসঙ্গে বাংলা কোচের মন্তব্য, ‘এই দলে প্রথম একাদশ বলে কিছু নেই। ২২ জনের স্কোয়াড। সবাইকে ম্যাচ টাইম দেওয়াই আমার লক্ষ্য।’



