Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

সন্তোষ ট্রফির শেষ আটে বাংলার প্রতিপক্ষ ওড়িশা

সন্তোষ ট্রফির শেষ আটে বাংলার প্রতিপক্ষ ওড়িশা
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তোষ ট্রফির শেষ আটে বাংলার প্রতিপক্ষ ওড়িশা। মঙ্গলবার গোয়া বনাম দিল্লি ম্যাচের দিকে নজর ছিল বাংলা টিম ম্যানেজমেন্টের। খেলা ড্র হওয়ায় ছিটকে যায় গোয়া। কোচ সঞ্জয় সেন ম্যাচ দেখতে হাজির ছিলেন। তাঁর মন্তব্য, ‘প্রতিপক্ষ যেই হোক জিততে হবে। ফিরে তাকানোর জায়গা নেই। ফুটবলারদের সেই বার্তা দেওয়া হয়েছে।’ উল্লেখ্য, গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বাংলা। মনিপুর ছাড়া সব ম্যাচই জিতেছেন নরহরি, আদিত্যরা। বিশেষে করে শেষ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেসের বিরুদ্ধে জয় দলের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। 
Advertisement
কৃত্রিম ঘাসের মাঠে টানা ম্যাচ খেলা বেশ কঠিন। খুচরো চোট আঘাত হতে বাধ্য। বাংলাও তার ব্যতিক্রম নয়। আদিত্য পাত্র, বাসুদেব মান্ডি, মনোতোষে মাঝির হালকা চোট। বাংলার কোচ অবশ্য কোনও অজুহাতে বিশ্বাসী নন। তাঁর বক্তব্য, ‘আমরা সূচি  অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। ফুটবলারদের ফিট রাখার জন্য রোটেশন পদ্ধতি অনুসরণ করা হয়েছে। ট্রফির কাছে এসে ক্লান্তি ও চোট নিয়ে ভাবছি না।’ সন্তোষ ট্রফিতে বাংলা ৩২ বারের চ্যাম্পিয়ন। কিন্তু গত কয়েক বছর ব্যর্থতা ছাড়া কিছুই জোটেনি কপালে। গত মরশুমে গ্রুপ লিগ থেকে ছিটকে যাওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। চলতি মরশুমে সঞ্জয়ের হাত ধরেই খেতাব জয়ের স্বপ্ন দেখছে গোটা দল।
সম্পর্কিত সংবাদ