Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

স্মৃতি-রেনুকার দাপটে দুরমুশ ওয়েস্ট ইন্ডিজ

স্মৃতি-রেনুকার দাপটে দুরমুশ ওয়েস্ট ইন্ডিজ
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বরোদা: স্বপ্নের ছন্দে রয়েছেন স্মৃতি মান্ধানা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য টি-২০ সিরিজের সেরা হয়েছেন। আর রবিবার সেই মেজাজেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু করলেন তিনি। কোটাম্বি স্টেডিয়ামে তাঁর ব্যাট থেকে এল ৯১। অল্পের জন্য সেঞ্চুরি হারালেও মান্ধানার ব্যাট মাতাল মাঠ।  এই ক্যালেন্ডার ইয়ারে তাঁর সংগ্রহ ১৬০২ রান। মহিলাদের  ক্রিকেটে এটাই বিশ্বরেকর্ড। মূলত স্মৃতির দাপটেই প্রথম ওডিআই ম্যাচে ৯ উইকেটে ৩১৪ তোলে ভারতের মহিলা দল। তবে ক্যারিবিয়ানদের ২১১ রানে হারানোর নেপথ্যে বড় ভূমিকা থাকল পেসার রেনুকা সিংয়ের। মাত্র ২৯ রানে পাঁচ উইকেট নিলেন ডানহাতি পেসার। ‘ম্যাচের সেরা’ রেনুকার বিধ্বংসী বোলিংয়ে ২৬.২ ওভারে ১০৩ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজ। মহিলাদের ওডিআই ক্রিকেটে ক্যারিবিয়ানদের বৃহত্তম ব্যবধানে হারায় হরমনপ্রীত কাউরের বাহিনী। জয়ের পর রেনুকা বলেন, ‘একদিনের ক্রিকেটে এটাই আমার প্রথম পাঁচ উইকেট। ফিটনেসে জোর দিয়েছিলাম। সেজন্যই টানা আট ওভারের স্পেল করেছি।’ হরমনপ্রীতের কথায়, ‘স্মৃতি অসাধারণ ব্যাট করছে। দেখতে যত সহজ মনে হচ্ছে কাজটা কিন্তু তা নয়। আর রেনুকা অনেক বছর ধরেই ধারাবাহিক। তবে এদিন অন্য ছন্দে দেখা গেল ওকে।’ তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ