


উজ্জ্বল পাল, কোতুলপুর: হেলিকপ্টারে উড়ে এসে কোতুলপুরে নেমে লোক নেই দেখে রোড শো না করেই ফের উড়ে গেলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মঙ্গলবার কোতুলপুরের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদারের সমর্থনে স্মৃতি ইরানির রোড শো করার কথা ছিল। দুপুর ২টো নাগাদ তিনি হেলিকপ্টারে কোতুলপুরে নামেন। হেলিপ্যাড থেকে গাড়িতে করে কোতুলপুরের চাঁদনি ঘাটে যান। সেখান থেকেই রোড শো করার কথা ছিল। তাঁর জন্য গাড়িও সাজানো ছিল। কিন্তু, গুটিকয়েক কর্মী-সমর্থক দেখে তিনি বেঁকে বসেন। রোড শোয়ের জন্য নির্দিষ্ট সুসজ্জিত গাড়িতে তো উঠলেনই না। এমনকি যে গাড়িতে করে হেলিপ্যাড থেকে এসেছিলেন সেই গাড়ি থেকে নামেননি পর্যন্ত। ওই গাড়ির পাদানিতে দাঁড়িয়েই মাইক হাতে নিয়ে দলীয় প্রার্থীর সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দেন। তিনি রোডশো না করায় দলীয় কর্মীরা প্রচণ্ড হতাশ। যদিও স্মৃতি ইরানি ছাড়াই গুটি কয়েক কর্মীকে নিয়ে প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদার নিজেই রোড শো করেন।
স্মৃতি ইরানি কোতুলপুরে রোড করতে আসছেন তা সোমবার থেকেই বিজেপির পক্ষ থেকে প্রচার করা হয়। প্রার্থী লক্ষ্মীকান্তবাবু তাঁর নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় তা ফলাও করে পোস্ট করেন। মঙ্গলবার সকাল থেকে তার প্রস্তুতিও চলে। কোতুলপুরের বিবেকানন্দ ক্লাবের মাঠে হেলিপ্যাড তৈরি করা হয়। এদিন দুপুর ২টো নাগাদ তাঁর হেলিকপ্টার কোতুলপুরে নামে। সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে চাঁদনিঘাটে সুসজ্জিত গাড়ি রাখা ছিল। কিন্তু, যার জন্য এত আয়োজন, সেই পদযাত্রাতেই যোগ দিলেন না স্মৃতি ইরানি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে এসেও শেষ দিনের প্রচারে লোক জড়ো করতে না পারায় বিজেপির কর্মী সমর্থকরা হতাশ।
এব্যাপারে বিজেপির কোতুলপুরের প্রার্থী বলেন, স্মৃতি ইরানির আসতে দেরি হয়েছিল। ওঁর আরও কয়েকটি কর্মসূচি ছিল। এদিন প্রচারের শেষ দিন। নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মসূচি শেষ করতে হবে। তাই রোড শো করেননি। নানা সমস্যা সত্ত্বেও তিনি কোতুলপুরে এসেছেন, এটাই বড়ো কথা। এলাকার মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন।
এব্যাপারে তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার বলেন, মানুষ বিজেপির সঙ্গে নেই। তাই দিল্লি থেকে হেলিকপ্টারে করে বিজেপি নেতা-নেত্রীরা উড়ে আসছেন। তারপরেও লোক নেই দেখে ফিরে যাচ্ছেন। তাঁরাও বুঝে গিয়েছেন, বিজেপি প্রার্থীর হার নিশ্চিত। তাই সময় নষ্ট করতে চাননি।
অন্যদিকে এদিন বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী শুক্লা চট্টোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি এদিন শহরের ন্যাশনাল ক্লাবের মাঠে হেলিকপ্টারে নামেন। তারপর শহরের কুমারী টকি মোড় থেকে রোড শো শুরু করেন। রোড শো রবীন্দ্র স্ট্যাচু মোড়ে শেষ হয়। তাঁর সঙ্গে দলীয় প্রার্থী ছাড়াও ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।