Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

লর্ডস টেস্টে দাপটে ইংল্যান্ডকে হারালেন স্মৃতি-হরমনপ্রীতরা

ঐতিহাসিক টেস্টে স্মরণীয় জয়। সোমবার লর্ডসে একমাত্র টেস্টে ইংল্যান্ডকে ২৭০ রানে হারাল হরমনপ্রীত কাউর ব্রিগেড।

লর্ডস টেস্টে দাপটে ইংল্যান্ডকে হারালেন স্মৃতি-হরমনপ্রীতরা
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ঐতিহাসিক টেস্টে স্মরণীয় জয়। সোমবার লর্ডসে একমাত্র টেস্টে ইংল্যান্ডকে ২৭০ রানে হারাল হরমনপ্রীত কাউর ব্রিগেড। ঐতিহ্যশালী এই মাঠে এটাই ছিল মহিলাদের প্রথম টেস্ট। আর তাতে আগাগোড়া দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। বিলেতে শ্রেয়স আয়ার ব্রিগেড যখন একের পর এক লজ্জা উপহার দিয়ে চলেছে, তখন দেশের মহিলা দল যে পরাক্রমের সঙ্গে ব্রিটিশদের দুরমুশ করল, তা প্রশংসনীয়।

Advertisement

জেতার জন্য চতুর্থ ইনিংসে হোমটিমের দরকার ছিল পাহাড়প্রমাণ ৪৫৭। রবিবার ১৩০ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। এদিন প্রথম সেশনেই দাঁড়ি পড়ে ইংল্যান্ডের প্রতিরোধে। ১৮৬ রানে থামে তারা। ভারতের সফলতম বোলার স্নেহ রানা (৪-৪২)। দু’টি করে উইকেট নেন ক্রান্তি গৌড়, সায়ালি সাতঘারে ও দীপ্তি শর্মা। ম্যাচে মোট ৭ উইকেট নেওয়া ক্রান্তি হন ম্যাচের সেরা। এই জয়ে বড় অবদান রয়েছে যস্তিকা ভাটিয়ার সেঞ্চুরি ও দুই ইনিংসেই স্মৃতি মান্ধানার হাফ-সেঞ্চুরি।
জয়ের পর উচ্ছ্বসিত ক্যাপ্টেন হরমনপ্রীত বলেন, ‘এমন চিত্রনাট্য উপরওয়ালাই লিখতে পারে। লর্ডসে খেলা সবসময়ই স্পেশাল। এই জয়ে দলের সবার অবদান রয়েছে। আশা করি, ভবিষ্যতে এখানে আরও অনেক ম্যাচ খেলার সুযোগ পাব।’ ক্রান্তি বলেন, ‘এখনও ঘোরের মধ্যে রয়েছি। তবে ম্যাচ শুরুর দিন চেয়েছিলাম, আমার নামটা যেন লর্ডসের অনার্স বোর্ডে লেখা থাকে। সেই স্বপ্ন সফল।’ উল্লেখ্য, ভারতীয় দলকে উৎসাহ দিতে এদিন লর্ডসে হাজির ছিলেন শচীন তেন্ডুলকর। জয়ের পর মান্ধানাদের অভিনন্দন জানান তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ