Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

সমালোচিত রোহিতের পাশে সানি

সমালোচিত রোহিতের পাশে সানি
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
অ্যাডিলেড: গোলাপি টেস্টে ভারতের ভরাডুবির ময়নাতদন্ত চলছেই। ব্রিসবেনে তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়াকে চেনা ছন্দে ফিরতে হলে রোহিত শর্মার ওপেনিংয়ে নামা আবশ্যক বলে মনে করছেন অনেকে। সদ্যসমাপ্ত টেস্টে ছয় নম্বরে নামা ভারত অধিনায়ককে বড্ড নিস্তেজ লেগেছে তাঁদের। সম্প্রচারকারী চ্যানেলে রবি শাস্ত্রী বলেছেন, ‘ব্যাট হাতে একেবারেই নির্জীব দেখিয়েছে রোহিতকে। ওর শরীরী ভাষাতেই তা স্পষ্ট ছিল। এজন্যই ওকে আমি ওপেনিংয়ে চাইছি। তাহলে রোহিতকে আক্রমণাত্মক মেজাজে দেখতে পাওয়া যাবে। ব্যাটে রান না পাওয়ার প্রভাব পড়েছিল ফিল্ডিংয়েও। নেতা হিসেবেও দাগ কাটতে ব্যর্থ।’
Advertisement
একই সুরে গলা মিলিয়েছেন সুনীল গাভাসকরও। তাঁর সাফ কথা, ‘নিজের জায়গাতেই ফিরুক রোহিত। ও না থাকার জন্যই ওপেন করতে বাধ্য হয়েছিল লোকেশ রাহল। পারথে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ২০০ রানের জুটিও গড়েছিল। সেজন্যই গোলাপি টেস্টে ওপেনার হিসেবে ওকে রেখে দেওয়া হয়। কিন্তু অ্যাডিলেডে দুই ইনিংসেই রান পায়নি রাহুল। তাই ব্রিসবেনে ওর পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করতে আসা উচিত। অন্যদিকে, শুরুতে রোহিত যদি একবার ছন্দ পেয়ে যায় তাহলে ওকে রোখা মুশকিল।’
অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন কিংবদন্তি কপিল দেবও। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘রোহিতের নতুন করে প্রমাণের কিছু নেই। এত বছর ধরে খেলছে। তাই ওর স্কিল নিয়ে সংশয় প্রকাশ করে লাভ নেই। আমি আশা করছি যে, রোহিত ফর্ম ফিরে পাবে। সেটাই জরুরি।’ প্রশ্ন উঠছে, রোহিতের নেতৃত্ব নিয়েও। কপিল অবশ্য উদ্বেগের কিছু দেখছেন না। তাঁর মতে, ‘একটা-দুটো ম্যাচের পারফরম্যান্স দিয়ে কারও নেতৃত্ব বিচার করা উচিত নয়। ছয় মাস আগে রোহিতের অধিনায়কত্বে আমরা টি-২০ বিশ্বকাপ জিতেছি। ওর যা দক্ষতা ও প্রতিভা তাতে নিশ্চিতভাবেই কামব্যাক করবে।’ বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, ‘রোহিতের জায়গায় যশপ্রীত বুমরাহকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আলোচনার সময় এটা নয়। একটা টেস্টের পারফরম্যান্স দেখে বুমরাহকে সেরা ক্যাপ্টেন বলাটাও ঠিক হবে না। একইভাবে একটা খারাপ পারফরম্যান্সের নিরিখে কাউকে ছেঁটে ফেলা অনুচিত।’ দ্বিতীয় টেস্টে হর্ষিত রানাকে খেলানোর সিদ্ধান্ত কি ভুল? কপিলের উত্তর, ‘আমি এত দূরে বসে কীভাবে তার বিচার করব? ওখানে দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য।’
সম্পর্কিত সংবাদ