Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

সমালোচনায় প্রাক্তনরা

সমালোচনায় প্রাক্তনরা
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মেলবোর্ন: দল বড় নাকি মহাতারকা? ভারতের কুৎসিত পরাজয়ের পর ক্রিকেট মহলে চলছে এই চর্চাই। রোহিত শর্মা, বিরাট কোহলি কি এভাবেই ব্যর্থ হয়ে চলবেন? অবসরের সময় হয়ে গিয়েছে, দু’জনকে কেন এই বার্তা দেওয়া হচ্ছে না? দুই মহারথীকে টানতে গিয়ে যে হেরেই চলেছে টিম ইন্ডিয়া। চতুর্থ টেস্টের পরাজয় তুলে ধরেছে ভারতীয় দলের কঙ্কালসার চেহারা। কিংবদন্তি সুনীল গাভাসকর যেমন চাঁছাছোলা ভঙ্গিতে বলেছেন, ‘সিনিয়ররা প্রত্যাশা পূরণের ধারেকাছেও যায়নি। টপ-অর্ডার বারবার ব্যর্থ হচ্ছে। সিরিজে টিকে থাকার জন্য সারা দিন ব্যাট করতে হতো ভারতকে। কিন্তু ওরা পারফর্ম করতে পারেনি। এবার বলটা নির্বাচকদের কোর্টে।’ এই মরশুমে টেস্টে ১৫ ইনিংসে দশবার এক অঙ্কের রানে ফিরেছেন রোহিত। সেজন্যই প্রাক্তন কোচ রবি শাস্ত্রী চান যে চূড়ান্ত সিদ্ধান্তটা হিটম্যানই যেন নেন। শাস্ত্রীর কথায়, ‘ওর ফুটওয়ার্ক ঠিক হচ্ছে না। মন্থর দেখাচ্ছে। ফলে টাইমিংয়ে দেরি হচ্ছে। সামনের পা বলের দিকে যাচ্ছেও না। এবার অবসর নেবে কিনা, সেটা ওই ঠিক করুক।’ প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান রীতিমতো উত্তেজিত ভঙ্গিতে বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ২০হাজার রান রয়েছে রোহিতের। কিন্তু তারপরও ফর্ম হাতড়ে বেড়াচ্ছে ও। অধিনায়ক বলেই রোহিত খেলছে। অন্যথায় দলে জায়গা হত না।’
Advertisement
চর্চা চলছে, সিডনি টেস্টের পরই কি এই ফরম্যাটকে বিদায় জানাবেন দুই হেভিওয়েট তারকা? নাকি, ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অপেক্ষা করবেন দু’জনে? শাস্ত্রী অবশ্য এখনই কোহলির অবসরের পক্ষপাতী নন। তাঁর যুক্তি, ‘ও এদেশে কীভাবে আউট হচ্ছে তা মাথায় রাখার দরকার নেই। আমার ধারণা, কোহলি আরও তিন-বছর খেলবে।’ একই সুর সঞ্জয় মঞ্জরেকরেরও। মুম্বইকরের মতে, ‘কোহলির আরও সময় প্রাপ্য। তবে আমি জানতে চাই ভারতের ব্যাটিং কোচ করছেটা কী? ও কেন অফস্টাম্পের বাইরের বলে কোহলির খোঁচা দেওয়ার প্রবণতা বন্ধ করতে পারছে না?’ শুধু ব্যাটিং কোচই নন, প্রাক্তনদের নিশানায় প্রধান কোচ গৌতম গম্ভীরও। 
সম্পর্কিত সংবাদ