নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগস্ট মাস থেকে রাজ্যে ‘স্মার্ট’ রেশন ব্যবস্থা চালু হচ্ছে। এর বিশেষত্ব হল পুরো রেশন পরিচালন ব্যবস্থা ‘পেপারলেস’ পদ্ধতিতে চলবে। ডিস্ট্রিবিউটরের ঘর থেকে খাদ্যসামগ্রী সরবরাহ, রেশন দোকানে গ্রাহকদের তা দেওয়া, রেশন কার্ড পরিচালনা সবকিছুই অনলাইনে হবে। গ্রাহকদের রেশন দেওয়া, রেশন কার্ড সংক্রান্ত বিষয়গুলি অনেকদিন থেকে অনলাইনে হয়। এবার বাকি সব ব্যবস্থাও অনলাইনে চলে এল। গোটা দেশে এই স্মার্ট রেশন ব্যবস্থা চালু করার উদ্যোগ কয়েকবছর ধরে কেন্দ্রীয় সরকার নিয়েছে। রেশন সংক্রান্ত যাবতীয় তথ্ ভাণ্ডার কেন্দ্রীয় সংস্থার কাছে থাকবে। গ্রাহকদের এখন থেকে প্রথমে রেশন দোকানে চোখের মণির স্ক্যান করে আধার যাচাই করা হবে। সেই ব্যবস্থা যাদের ক্ষেত্রে কাজ করবে না তখন আঙুলের ছাপ নিয়ে আধার যাচাই হবে। নতুন ব্যবস্থায় রেশনে স্বচ্ছতা আরও বাড়বে বলে খাদ্যদপ্তর আশা করছে।



