নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতের ঘুম উড়ে গেছে ঢাকুরিয়া ব্রীজের তলায় পঞ্চাননতলা বস্তির ৫৪ টি পরিবারের। কেউ এখানে থাকেন ৫০ বছর, কেউ ৬০, কেউ আবার তারও বেশি। সম্প্রতি এই বস্তি উচ্ছেদের নোটিশ টাঙিয়েছে কলকাতা পুরসভা। ব্রিজের তলায় বসতি। ফলে ব্রিজ রক্ষণাবেক্ষণে সমস্যা হচ্ছে। আর তার জন্যেই এই উচ্ছেদের নোটিশ। যে নোটিশে একেবারে দিশেহারা অবস্থা এখানে থাকা প্রান্তিক মানুষগুলোর। ব্রিজের তলায় এক চিলতে খুপরি ঘরেই এদের সংসার। আর তাও যদি চলে যায় তাহলে পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে সকলকে। বস্তিবাসীদের দাবি উচ্ছেদের আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিক সরকার। বস্তির এক বাসিন্দার কোথায়, ‘প্রত্যেক দিন এক অদ্ভুত আতঙ্কের মধ্যে কাটছে। যে কোনো সময় বুলডোজার এসে গুঁড়িয়ে দিতে পারে আমাদের বস্তি।’ আরেক বাসিন্দার দাবি, ‘পুনর্বাসন না দিয়ে যদি বুলডোজার দিয়ে আমাদের বাড়ি ভেঙে দেওয়ার কথা ভাবে সরকার, তাহলে সেই বুলডোজার আগে আমাদের ওপর দিয়ে যেতে হবে।’



