Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সেলতাকে পাঁচ গোলের মালা রিয়ালের

সেলতাকে পাঁচ গোলের মালা রিয়ালের
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মাদ্রিদ: নির্ধারিত সময়ে স্কোরলাইন ছিল ২-২। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই পর্বে রিয়াল মাদ্রিদের কাছে পাত্তা পায়নি সেলতা ভিগো। শেষ পর্যন্ত ৫-২ ব্যবধানে জিতে কোপা ডেল রে’র শেষ আটে জায়গা পাকা করল কার্লো আনসেলোত্তির দল। রিয়ালের হয়ে জোড়া লক্ষ্যভেদ এনড্রিকের। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র ও ফেডেরিকো ভালভার্দে।
Advertisement
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথম মিনিট থেকে দাপট দেখানো রিয়ালকে ৩৭ মিনিটে এগিয়ে দিয়েছিলেন কিলিয়ান এমবাপে। প্রতিআক্রমণে মাঝমাঠ থেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়ে জোরাল শটে জাল কাঁপান ফরাসি স্ট্রাইকার (১-০)। এরপর ৪৮ মিনিটে ডিয়াজের ডিফেন্স চেরা পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র (২-০)। এই পর্বে মনে হচ্ছিল, হেসেখেলে জয় পাবে আনসেলোত্তির দল। তবে শেষ দশ মিনিটে ঝড় তুলে সমতায় ফেরে সেলতা ভিগো। ৮৩ মিনিটে কামাভিঙ্গার ভুলের সুযোগ কাজে লাগিয়ে সেলতা ভিগোর হয়ে এক গোল শোধ দেন জোনাথান বাম্বা (২-১)। এরপর সংযোজিত সময়ে রাউল আসেন্সিও বক্সে বাম্বাকে ফাউল করলে পেনাল্টি পায় সেলতা। স্পটকিক থেকে লক্ষ্যভেদে ভুল হয়নি মার্কোস অ্যালোন্সোর (২-২)। অগত্যা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই পর্বে রিয়ালের অহরহ আক্রমণে দিশাহারা দেখায় প্রতিপক্ষকে। ১০৮ মিনিটে বুলেট গতির শটে আনসেলোত্তি-ব্রিগেডকে এগিয়ে দেন এমবাপের পরিবর্তে নামা এনড্রিক (৩-২)। তার চার মিনিট পর বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে ব্যবধান ৪-২ করেন ভালভার্দে। আর ১১৯ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন সুপার সাব এনড্রিক (৫-২)।

রিয়াল মাদ্রিদ-৫                 :               সেলতা ভিগো-২
Advertisement
সম্পর্কিত সংবাদ