নয়াদিল্লি: দিল্লির রাস্তা মেরামতির কাজ পরিদর্শনে গিয়ে গত ২৭ সেপ্টেম্বর বিক্ষোভের মুখে পড়েছিলেন পূর্তমন্ত্রী পরবেশ ভার্মা। সেই ঘটনাতেই তিনি এক আম আদমি পার্টির কর্মীকে চড় কষিয়ে দেন বলে অভিযোগ। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট ওই ঘটনায় পুলিশ এবং মন্ত্রীর জবাব চেয়ে পাঠিয়েছে। বিচারপতি শচীন দত্ত এদিন মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশের রিপোর্ট তলব করেন। প্রসঙ্গত, ওইদিন মন্ত্রীর সামনে নিম্নমানের সরঞ্জাম দিয়ে রাস্তা মেরামতির অভিযোগ তোলেন সাহিব সিং। এমনকি পূর্তমন্ত্রীর সঙ্গে তিনি বাগবিতণ্ডাতেও জড়ান। সাহিব সিংয়ের অভিযোগ, তারপরই পরবেশ তাঁকে থাপ্পড় মারেন এবং হুমকি দেন। হাইকোর্টে দায়ের আবেদনে তিনি পুলিশি নিরাপত্তাও দাবি করেছেন।



