নয়াদিল্লি: পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে কার্যত অবরুদ্ধ হরমুজ প্রণালী। এই পরিস্থিতিতেই হরমুজ পার করেছে ভারতের পণ্যবাহী ৬০টি জাহাজ। সংসদে এক প্রশ্নের জবাবে এমনই জানিয়েছে কেন্দ্র। সরকারের বিবৃতিতে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে প্রায় ৩ হাজার ৯৭২ জন ভারতীয় নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এর পাশাপাশি সংকট পরিস্থিতিতে হাজার হাজার জরুরি ফোন কল ও ইমেলেরও জবাব দেওয়া হয়েছে।
এরইমাঝে মঙ্গলবার লোহিত সাগরে ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলার তীব্র নিন্দা করেছে দিল্লি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘মঙ্গলবার ইয়েমেন উপকূলে এমএসভি ফৈজে নুরে ওলিয়া নামে ভারতীয় পণ্যবাহী জাহাজে আক্রমণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। রিয়াধের ভারতীয় দূতাবাস পুরো পরিস্থিতির উপর নজর রেখেছে। জাহাজে বারংবার এই হামলা বন্ধ করতে হবে।’ ওই জাহাজে ১৪ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১৩ জনই ভারতীয়। প্রত্যেককেই উদ্ধার করা হয়েছে।