মুম্বই: রবিবারই ভাঙন ধরছে উদ্ধব থ্যাকারের শিবসেনা শিবিরে? ইতিমধ্যেই ৬ জন সাংসদ ‘বিদ্রোহ’ ঘোষণা করেছেন বলে খবর। উদ্ধব থ্যাকারের হাত ছেড়ে একনাথ সিন্ধের শিবসেনায় নাম লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। রবিবার শিবির বদলের কথা স্বীকার করে নিয়েছেন বিদ্রোহী নেতা নাগেশ পাতিল আস্তিকার। ভিডিও বার্তায় জানিয়েছেন, তিনি আদর্শচ্যুত হচ্ছেন না। এক শিবসেনা থেকে অন্য শিবসেনাতে যাচ্ছেন। ইউবিটির সভাপতি উদ্ধব থ্যাকারে ও পার্টির নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধেও তাঁর কোনো অভিযোগ নেই। তাহলে শিবির বদল করছেন কেন? নাগেশের যুক্তি, অনেক প্রত্যাশা নিয়ে মানুষ আমাদের নির্বাচিত করেছে। কিন্তু, বিরোধী শিবিরে থাকায় এলাকা উন্নয়নের জন্য প্রয়োজনীয় টাকা পাচ্ছি না। সাংসদ তহবিলের ৫ কোটি টাকা যথেষ্ট নয়। এই সব কারণেই শিবির বদলের সিদ্ধান্ত নিয়েছি। সূত্রের খবর, নাগেশ ছাড়াও বিদ্রোহীদের তালিকায় নাম রয়েছে, সঞ্জয় যাদব, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় দিনা পাতিল, ওমপ্রকাশ রাজে নিম্বালকর ও ভাউসাহেব ওয়াকচাউরের। রবিবারই লোকসভায় আলাদা ব্লক গঠনের আবেদন জানিয়েছেন তাঁরা। এব্যাপারে নিশ্চয়তা মিললেই দিল্লিতে সাংবাদিক বৈঠক করবেন বিদ্রোহীরা। এরমধ্যেই চাঞ্চল্যকর দাবি করেছেন উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত। তিনি জানিয়েছেন, শিবির বদল করলে বিদ্রোহীরা জনআক্রোশের মধ্যে পড়তে পারেন। সেই ভয়ে তাঁরা ইউবিটির সঙ্গে যোগাযোগ রাখছেন। রাউতের দাবি, বিদ্রোহীদের মধ্যে অন্তত দু’জনের সঙ্গে দলীয় স্তরে আলোচনা চলছে। ওমপ্রকাশ জানিয়েছেন, তিনি আপাতত ইউবিটিতেই আছেন। সোমবার সংসদীয় ক্ষেত্রের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। তাঁর এই মন্তব্যের পরে বিদ্রোহীদের মধ্যেই ফাটল ধরল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।



