নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কর্মসংস্থানের প্রশ্নে রাজ্যের নতুন সরকারকে ৬ মাস সময় দিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। তারপর তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে। মঙ্গলবার সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলন করে বলা হয়, স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে। সরকারি সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে। আগামী ৯ জুন কর্মসংস্থানের ইস্যু সামনে রেখে রাজ্যজুড়ে মিছিল ও সমাবেশ করবে ডিওয়াইএফআই।
এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফের রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, সভাপতি অয়নাংশু সরকার সহ অন্যান্যরা। ধ্রুবজ্যোতি বলেন, ‘সকলের জন্য কাজ ও শিক্ষার দাবিতে ডিওয়াইএফআই লড়াই করে। গোটা ভারত সহ এই বাংলায় কর্মসংস্থানের কোনো দিশা দেখতে পাচ্ছি না আমরা। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা এখনও পর্যন্ত কর্মসংস্থান নিয়ে কোনো কথা শুনতে পাইনি। আমরা আগামী ৬ মাস অপেক্ষা করব। বোঝার চেষ্টা করব, সরকারের অভিমুখ কী? তারপর বৃহত্তর লড়াই-আন্দোলনের পথে যাব।’ তিনি আরও বলেন, ‘সিএমআইই-র রিপোর্ট অনুযায়ী ভারতের বেকারত্বের হার ৯.২ শতাংশ। ১৫ থেকে ২৯ বছর বয়সের মধ্যে বেকারত্বের হার ৯.৯ শতাংশ। মহিলাদের বেকারত্বের হার আরও বেশি। এখানে কাজের কোনো নিরাপত্তা নেই। সেই দায়িত্ব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের। রেলে প্রায় ৩ লক্ষ শূন্যপদ আছে। সেগুলো পূরণ করতে হবে।’ পাশাপাশি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নিয়েও সরব হয়েছে এই যুব সংগঠন। ধ্রুবজ্যোতি বলেন, ‘আমরা ৯ জুন সমস্ত যুবদের আহ্বান জানাচ্ছি, সব জেলাশাসক, রেলের দপ্তরে কর্মসংস্থানকে সামনে রেখে দাবিসনদ পেশ করা হবে।’