Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্ক সার্কাস থেকে ছ’মাসের শিশু অপহরণ, গ্রেপ্তার তিন

শিশু চুরি করে নিঃসন্তান দম্পতিদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। জয়নগর থেকে ছ’মাসের এক পুত্রসন্তানকে উদ্ধার করেছে বেনিয়াপুকুর থানা।

পার্ক সার্কাস থেকে ছ’মাসের শিশু অপহরণ, গ্রেপ্তার তিন
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিশু চুরি করে নিঃসন্তান দম্পতিদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। জয়নগর থেকে ছ’মাসের এক পুত্রসন্তানকে উদ্ধার করেছে বেনিয়াপুকুর থানা। গ্রেপ্তার করা হয়েছে বন্দনা রাই, মধু শেখ ও মিঠুন পাশোয়ানকে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ১২টা নাগাদ বেনিয়াপুকুর থানায় এসে এক দম্পতি অভিযোগ করেন, তাঁদের ছ’মাসের ছেলেকে অপহরণ করা হয়েছে। তাঁরা ফুটপাতবাসী। পার্ক সার্কাস মোড় লাগোয়া অংশে ফুটপাতেই তাঁদের সংসার। সেখান থেকে তাকে অপহরণকারীরা একটি ট্যাক্সিতে তুলে চম্পট দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। সেখান থেকে ওই ট্যাক্সির নম্বর পাওয়া যায়। এরপর ট্যাক্সির মালিকের সঙ্গে যোগযোগ করে পুলিশ। জানা যায়, গাড়িচালকের নাম মিঠুন পাশোয়ান। তার মোবাইল নম্বরে ফোন করলেও সে ধরেনি। গাড়ির লোকেশন জানতে সব মিলিয়ে প্রায় ৬০টি ক্যামেরার সিসি ফুটেজ নেওয়া হয়। তা থেকে জানা যায়, ট্যাক্সিটি দক্ষিণ ২৪ পরগনার দিকে গিয়েছে। রাজ্য পুলিশের সাহায্য নিয়ে বারুইপুর, জয়নগর সহ বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ছবি হাতে আসে পুলিশের। সেখান থেকে জানা যায়, জয়নগরের বকুলতলা এলাকায় ট্যাক্সিটি ঢুকেছে। গ্রামবাসীরা জানান, এই জায়গায় কোনোদিন ট্যাক্সি ঢোকে না। এরমধ্যে চালকের মোবাইলের টাওয়ার লোকেশন হাতে আসে পুলিশের। জানা যায়, সে বকুলতলা এলাকায় একটি বাড়িতে রয়েছে। সেইমতো ভোর সাড়ে ৫টা নাগাদ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ছ’মাসের শিশুকে। গ্রেপ্তার করা হয় তিনজনকে।ধৃত মধু শেখ জেরায় জানিয়েছে, তার সঙ্গে এক নিঃসন্তান দম্পতি যোগযোগ করেছিল। তাঁরা পুত্রসন্তানের খোঁজ করছিল। সে জানায়, ব্যবস্থা করে দেবে। তারা বিভিন্ন জায়গা থেকে শিশু চুরি করে বিক্রি করে থাকে। মূলত ফুটপাত থেকে শিশু অপহরণ করত মধু ও তার সঙ্গীরা। তদন্তে উঠে এসেছে, ফুটপাতবাসী শিশুদের খোঁজ দিত ওই ট্যাক্সিচালক। সেই শিশুকে গাড়িতে তুলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিত। ওই নিঃসন্তান দম্পতিকে বাচ্চা দেবে বলে আট লক্ষ টাকা চাওয়া হয়েছিল। ঠিক হয় জয়নগর এলাকায় শিশু হস্তান্তর হবে। তখনই টাকা দেবে ওই পরিবার। মধু ও বন্দনা দু’জন এই কাজ করত। জানা গিয়েছে, তাদের একটি বড়ো চক্র রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ